বাংলাদেশের পোস্ট অফিসে চাকরি কখন হালাল এবং কখন হারাম

বাংলাদেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে চাকরি করা জায়েজ কি না, তা সংশ্লিষ্ট ব্যক্তির নির্দিষ্ট পদের দায়িত্ব ও কাজের প্রকৃতির ওপর নির্ভর করে। ডাক বিভাগে যেমন বৈধ জনসেবামূলক কাজ রয়েছে, তেমনি সুদভিত্তিক সঞ্চয় ও প্রচলিত বীমাসংক্রান্ত কার্যক্রমও পরিচালিত হয়।
❑ বর্তমানে ডাক বিভাগে যেসব কার্যক্রম পরিচালিত হয়:
◈ ১. মূল ডাক ও পার্সেল সেবা:
◆ দেশীয় ও আন্তর্জাতিক সাধারণ চিঠি, রেজিস্ট্রি ডাক, বুক পোস্ট ও রেজিস্টার্ড সংবাদপত্র গ্রহণ ও বিতরণ।
◆ দেশীয় ও আন্তর্জাতিক পার্সেল, স্পিড পোস্ট, জিইপি (GEP) ও ইএমএস (EMS) সেবা।
◆ ভিপি (ভ্যালু পেয়েবল) ও ই-পোস্ট সেবা।
◈ ২. আর্থিক ও সঞ্চয় সেবা:
◆ ডাকঘর সঞ্চয় ব্যাংক (মেয়াদী হিসাবসহ) ও বিভিন্ন সঞ্চয়পত্র ক্রয়-বিক্রয় ও লেনদেন।
◆ ডাক জীবন বীমা।
◆ মানি অর্ডার, পোস্টাল অর্ডার ও ইএমটিএস (মোবাইল মানি ট্রান্সফার)।
◆ রেভিনিউ ও ডাক টিকিট/স্ট্যাম্প বিক্রয়।
◈ ৩. ডিজিটাল ও অন্যান্য সেবা:
◆ ডিজিটাল পোস্ট অফিস (পোস্ট ই-সেন্টার): মোবাইল আর্থিক সেবা (যেমন নগদ)।
◆ অনলাইনভিত্তিক নাগরিক সেবা। যেমন: ইউটিলিটি বিল পরিশোধ, অনলাইন ট্র্যাকিং ও ডিজিটাল সেন্টারের মাধ্যমে ই-সেবা প্রদান ইত্যাদি।
◆ পোস্টাল ক্যাশ কার্ড ও পোস্টকোড।
❑ পোস্ট অফিসে চাকরি করা কখন হালাল:
পোস্ট অফিসের মূল ও ঐতিহ্যগত কাজ হলো চিঠিপত্র, পার্সেল, রেজিস্ট্রি ডাক এবং বৈধ মালপত্র এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়া। ডাক বিলিকারী বা রানার হিসেবে চিঠি ও পার্সেল বিতরণ, রেজিস্ট্রি ডাক, স্পিড পোস্ট, ইএমএস ও জিইপি সেবা, স্ট্যাম্প বিক্রয়, পোস্টকোডসংক্রান্ত কাজ এবং সুদমুক্ত দাপ্তরিক বা কারিগরি সেবার দায়িত্ব মূলত বৈধ। এসব কাজ সেবার বিনিময়ে নির্ধারিত ফি ও বেতনভিত্তিক, এতে সুদ বা অনিশ্চয়তার উপাদান নেই। এ ধরনের দায়িত্ব পালন করে অর্জিত বেতন হালাল। মানি অর্ডার, পোস্টাল অর্ডার, ইএমটিএস ও মোবাইল আর্থিক সেবার মূল কাঠামো ফির বিনিময়ে অর্থ প্রেরণ। তাই এসব সেবায় কাজ করা মূলত বৈধ। তবে পদভেদে কোনো সুদি লেনদেন যুক্ত আছে কি না, তা যাচাই করা জরুরি।
❑ পোস্ট অফিসে চাকরি করা কখন হারাম:
✪ ১. ডাকঘর সঞ্চয় ব্যাংক ও সঞ্চয়পত্রের মুনাফা মূলত সুদ। এসব বিক্রি করা, এর হিসাব-নিকাশ করা কিংবা লেনদেনে সহযোগিতা করা হারাম।
আল্লাহ তাআলা ইরশাদ করেন:
وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
“আর আল্লাহ ব্যবসা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন।” [সুরা বাকারা: ২৭৫]
সুদের লেনদেনে সহযোগিতাও নিষিদ্ধ। আল্লাহ তাআলা ইরশাদ করেন:
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
“তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করো এবং পাপ ও সীমালঙ্ঘনের ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা কোরো না।” [সুরা মায়িদা: ২]
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সুদের সঙ্গে জড়িত সবার ওপর লানত করেছেন:
لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ، وَقَالَ: هُمْ سَوَاءٌ
“রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সুদগ্রহীতা, সুদদাতা, সুদের লেখক ও এর দুই সাক্ষীর ওপর লানত করেছেন এবং বলেছেন, তারা সবাই সমান।” [সহিহ মুসলিম: ১৫৯৮]
✪ ২. ডাক জীবন বীমায় সুদ এবং শরিয়তসম্মত নয় এমন অনিশ্চয়তা বা জুয়ার উপাদান থাকায় এর সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়া জায়েজ নয়।
✪ ৩. চাকরি পাওয়ার জন্য ঘুষ দেওয়া, দায়িত্ব পালনে অবহেলা করা কিংবা গ্রাহকের আমানত যথাযথভাবে না পৌঁছে বেতন গ্রহণ করা খেয়ানত ও হারাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন:
إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا
“নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, তোমরা যেন আমানতসমূহ তার হকদারদের কাছে পৌঁছে দাও।” [সুরা নিসা: ৫৮]
❑ যারা ইতোমধ্যে পোস্ট অফিসে চাকরি করছেন, তাদের করণীয়:
যদি কোনো ব্যক্তি ডাক বিভাগে এমন পদে চাকরি পান, যেখানে সাধারণ কাজের পাশাপাশি সুদি লেনদেন বা বীমার কাজও করতে হয়, তবে তার ওপর ওয়াজিব হলো উচ্চপদস্থ কর্তৃপক্ষের কাছে আবেদন করে সুদি বিভাগ থেকে বদলি নিয়ে বৈধ ডাক শাখায় কাজ করার চেষ্টা করা। যদি বিভাগ পরিবর্তনের সুযোগ না থাকে এবং সুদি কারবারের সঙ্গেই পুরোপুরি যুক্ত থাকতে হয়, তবে হালাল রিজিকের তাগিদে এ চাকরি ছেড়ে বিকল্প হালাল পেশা অন্বেষণ করতে হবে। যে ব্যক্তি তাকওয়া ও আল্লাহভীতির কারণে হারাম বর্জন করে, আল্লাহ তাআলা তাকে উত্তম পন্থায় হালাল রিজিক দান করার ওয়াদা করেছেন। ইরশাদ হয়েছে:
وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا ﴿٢﴾ وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
“যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন, যা সে কল্পনাও করতে পারে না।” [সুরা তালাক: ২-৩]
এই আয়াতের মর্ম হলো, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে সংকট থেকে মুক্তির পথ দেখান এবং অকল্পনীয় উৎস থেকে রিজিক দান করেন। হারাম বর্জন এই তাকওয়ারই একটি গুরুত্বপূর্ণ প্রকাশ।
এই প্রতিদান কেবল দৃশ্যমান সম্পদ বা পার্থিব প্রাপ্তির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর চেয়েও মহামূল্যবান হতে পারে। অনেক সময় আল্লাহ তাআলা তাঁর বান্দাকে হৃদয়ের প্রশান্তি, অবিচল ইমান, পূর্ণ ইয়াকিন এবং তাকদিরের ওপর সন্তুষ্টির মতো অমূল্য নিয়ামত দান করেন।
ইবনুল জাওযি (রাহ.)-এর সিফাতুস সাফওয়া গ্রন্থে একটি ঘটনা বর্ণিত হয়েছে:
قِيلَ لِبَعْضِ الزُّهَّادِ وَقَدْ رُئِيَ فِي هَيْئَةٍ رَثَّةٍ: مَنْ تَرَكَ شَيْئًا لِلَّهِ عَوَّضَهُ اللَّهُ خَيْرًا مِنْهُ، وَأَنْتَ تَرَكْتَ الدُّنْيَا فَمَاذَا عَوَّضَكَ اللَّهُ؟
فَقَالَ: الرِّضَى بِمَا أَنَا فِيهِ
“একজন জাহিদ বা দুনিয়াবিমুখ বুজুর্গকে জীর্ণ অবস্থায় দেখে বলা হলো, ‘যে আল্লাহর জন্য কোনো কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। আপনি তো দুনিয়াই ছেড়ে দিয়েছেন, তাহলে আল্লাহ আপনাকে কী বিনিময় দিয়েছেন?’ তিনি বললেন, ‘আমি যে অবস্থায় আছি, তাতেই সন্তুষ্টি।'” [ইবনুল জাওযি, সিফাতুস সাফওয়া: ২/৩৯৭]
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন:
إِنَّكَ لَنْ تَدَعَ شَيْئًا لِلهِ عَزَّ وَجَلَّ إِلَّا أَبْدَلَكَ اللهُ بِهِمَا خَيْرًا مِنْكَ
“নিশ্চয়ই আপনি আল্লাহর ভয়ে যা কিছু ছেড়ে দেবেন, আল্লাহ তাআলা তার পরিবর্তে আপনাকে তার চেয়ে উত্তম কিছু দান করবেন।” [মুসনাদ আহমাদ: ২২৫৬৫, সহিহ]
সারকথা হলো, ডাক বিভাগের চাকরিকে সামগ্রিকভাবে সম্পূর্ণ হালাল বা পুরোপুরি হারাম বলা যায় না; বরং তা কর্মীর নিজ পদের দায়িত্বের ওপর নির্ভরশীল। মহান আল্লাহ আামদেরকে হালালভাবে অর্থ উপার্জন করে জীবন ধারণের তওফিক দান করুন এবং সব ধরণের হারাম উপাজর্ন ও হারাম কার্যক্রম থেকে হেফাজত করুন। আমিন।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
লেখক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।
দাঈ, জুবাইল দাওয়াহ অ্যাসোসিয়েশন, সৌদি আরব।
Share: