প্রশ্ন: আমি একজন দীনদার তরুণ এবং একটি সহশিক্ষামূলক বিশ্ববিদ্যালয়ে পড়ছি। নিজের বিষয়ে দক্ষ হতে চাই। কিন্তু সেজন্য ক্লাসে সক্রিয় থাকতে হয় আর তাতে সহপাঠী ছাত্রীদের সঙ্গে কথাবার্তার সুযোগ তৈরি হয়ে যায়। তা ছাড়া আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নারী শিক্ষকেরা পড়ান। ছাত্রী ও নারী শিক্ষকদের সঙ্গে আমি কেমন আচরণ করব?
উত্তর: আল্লাহর প্রশংসা এবং রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ওপর দরুদ ও সালাম বর্ষিত হোক। অতপর━ যে স্কুল, ইনস্টিটিউট ও বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়ে একসঙ্গে পড়ে সেখানে পড়া ও পড়ানো জায়েজ নয়। এই মেলামেশার ফলে এসব প্রতিষ্ঠানে যে নৈতিক অবক্ষয় ছড়িয়ে পড়ছে তা আজ আর কারও অজানা নয়। উপরন্তু সেখানে পড়াশোনার মান হয় খুবই নিচু কিংবা প্রায় থাকেই না। অমুসলিম দেশের বিচক্ষণ মানুষেরাও শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলেমেয়েকে আলাদা করার আহ্বান জানিয়েছেন। কারণ তাঁরা দেখেছেন, এতে চরিত্রের ক্ষতি হয় এবং শিক্ষার মানও কমে যায়। নির্ভরযোগ্য আলেমরাও এটি জায়েজ নয় বলে ফতোয়া দিয়েছেন।
❑ সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির আলেমদের ফতোয়া:
“اخْتِلَاطُ الطُّلَّابِ بِالطَّالِبَاتِ وَالْمُدَرِّسِينَ بِالْمُدَرِّسَاتِ فِي دُورِ التَّعْلِيمِ مُحَرَّمٌ لِمَا يُفْضِي إِلَيْهِ مِنَ الْفِتْنَةِ وَإِثَارَةِ الشَّهْوَةِ وَالْوُقُوعِ فِي الْفَاحِشَةِ، وَيَتَضَاعَفُ الْإِثْمُ وَتَعْظُمُ الْجَرِيمَةُ إِذَا كَشَفَتِ الْمُدَرِّسَاتُ أَوِ التِّلْمِيذَاتُ شَيْئًا مِنْ عَوْرَاتِهِنَّ، أَوْ لَبِسْنَ مَلَابِسَ شَفَّافَةً تَشِفُّ عَمَّا وَرَاءَهَا، أَوْ لَبِسْنَ مَلَابِسَ ضَيِّقَةً تُحَدِّدُ أَعْضَاءَهُنَّ، أَوْ دَاعَبْنَ الطُّلَّابَ أَوِ الْأَسَاتِذَةَ وَمَزَحْنَ مَعَهُمْ أَوْ نَحْوَ ذَلِكَ مِمَّا يُفْضِي إِلَى انْتِهَاكِ الْحُرُمَاتِ وَالْفَوْضَى فِي الْأَعْرَاضِ”
“শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকার মেলামেশা হারাম। কারণ, এটি মানুষকে ফিতনা, কামনার উত্তেজনা ও অশ্লীলতার দিকে ঠেলে দেয়। শিক্ষিকা বা ছাত্রীরা যদি সতরের কিছু অংশ খুলে রাখেন অথবা এমন পাতলা পোশাক পরেন যাতে শরীরের ভেতরের অংশ দেখা যায় কিংবা এমন আঁটসাঁট পোশাক পরেন যাতে শরীরের গড়ন ফুটে ওঠে অথবা ছাত্র বা শিক্ষকদের সঙ্গে হাসিঠাট্টা ও রসিকতা করেন তাহলে গুনাহ বহুগুণ বেড়ে যায় এবং অপরাধ আরও গুরুতর হয়। কারণ এসব কিছু হারাম সীমা লঙ্ঘন ও সম্ভ্রমহানির বিশৃঙ্খলার দিকে নিয়ে যায়।” [ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়িমাহ ১৭/৫৩]
❑ শাইখ ইবনে উসাইমিনের (রাহ.) ফতোয়া:
তাঁকে প্রশ্ন করা হয়েছিল: কোনো পুরুষের জন্য কি এমন বিশ্ববিদ্যালয়ে পড়া জায়েজ, যেখানে নারী-পুরুষ একই কক্ষে একসঙ্গে থাকে? অথচ সেই শিক্ষার্থী আল্লাহর দিকে দাওয়াতের কাজে ভূমিকা রাখেন?
তিনি উত্তরে বলেন:
“الَّذِي أَرَاهُ أَنَّهُ لَا يَجُوزُ لِلْإِنْسَانِ رَجُلًا كَانَ أَوِ امْرَأَةً أَنْ يَدْرُسَ بِمَدَارِسَ مُخْتَلِطَةٍ؛ وَذَلِكَ لِمَا فِيهِ مِنَ الْخَطَرِ الْعَظِيمِ عَلَى عِفَّتِهِ وَنَزَاهَتِهِ وَأَخْلَاقِهِ، فَإِنَّ الْإِنْسَانَ مَهْمَا كَانَ مِنَ النَّزَاهَةِ وَالْأَخْلَاقِ وَالْبَرَاءَةِ إِذَا كَانَ إِلَى جَانِبِهِ فِي الكُرْسِيِّ الَّذِي هُوَ فِيهِ امْرَأَةٌ – وَلَا سِيَّمَا إِذَا كَانَتْ جَمِيلَةً وَمُتَبَرِّجَةً – لَا يَكَادُ يَسْلَمُ مِنَ الْفِتْنَةِ وَالشَّرِّ، وَكُلُّ مَا أَدَّى إِلَى الْفِتْنَةِ وَالشَّرِّ فَإِنَّهُ حَرَامٌ وَلَا يَجُوزُ، فَنَسْأَلُ اللَّهَ سُبْحَانَهُ وَتَعَالَى لِإِخْوَانِنَا الْمُسْلِمِينَ أَنْ يَعْصِمَهُمْ مِنْ مِثْلِ هَذِهِ الْأُمُورِ الَّتِي لَا تَعُودُ إِلَى شَبَابِهِمْ إِلَّا بِالشَّرِّ وَالْفِتْنَةِ وَالْفَسَادِ، حَتَّى وَإِنْ لَمْ يَجِدْ إِلَّا هَذِهِ الْجَامِعَةَ يَتْرُكُ الدِّرَاسَةَ إِلَى بَلَدٍ آخَرَ لَيْسَ فِيهِ هَذَا الِاخْتِلَاطُ، فَأَنَا لَا أَرَى جَوَازَ هَذَا وَرُبَّمَا غَيْرِي يَرَى شَيْئًا آخَرَ”
“আমার মত হলো, নারী হোক বা পুরুষ, কারও জন্যই সহশিক্ষামূলক প্রতিষ্ঠানে পড়া জায়েজ নয়। কারণ এতে তার পবিত্রতা, সততা ও চরিত্রের জন্য বড় ঝুঁকি রয়েছে।
মানুষ যতই সৎ, চরিত্রবান ও নির্মল হোক তার পাশের আসনে যদি কোনো নারী বসে, বিশেষ করে সে যদি সুন্দরী ও সাজসজ্জায় নিজেকে প্রদর্শনকারী হয় তাহলে সে ফিতনা ও অনিষ্ট থেকে প্রায় নিরাপদ থাকতে পারে না। আর যা কিছু ফিতনা ও অনিষ্টের দিকে নিয়ে যায় তা হারাম ও নাজায়েজ। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের মুসলিম ভাইদের এমন বিষয় থেকে রক্ষা করেন, যা তাঁদের তরুণসমাজের জন্য অনিষ্ট, ফিতনা ও বিপর্যয় ছাড়া কিছুই বয়ে আনে না। এমনকি এই বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কিছু না পেলেও সে যেন এমন অন্য দেশে গিয়ে পড়ে যেখানে এই মেলামেশা নেই। আমি এখানে পড়াকে জায়েজ মনে করি না তবে অন্যরা হয়তো ভিন্ন মত পোষণ করেন।” [ফাতাওয়া ইসলামিয়্যাহ, ৩/১০৩]
❑ যাদের দেশে বিকল্প নেই তাঁরা কী করবেন?
এ পর্যন্ত যা বলা হলো, তা সহজেই পালনযোগ্য তাঁদের জন্য, যাঁদের দেশে সহশিক্ষা নেই কিংবা যাঁদের নাগালে ছেলেমেয়ে আলাদা পড়ে এমন কলেজ-বিশ্ববিদ্যালয় আছে। কিন্তু যাঁরা নিজ দেশে সহশিক্ষার বাস্তবতায় আটকে গেছেন তাঁদের কী হবে?
বিশেষ করে যখন তাঁদের জীবিকা বা ভবিষ্যতে বিয়ের সুযোগ এই পড়াশোনার ওপর নির্ভর করে। এই শিক্ষা না নিলে হয়তো তাঁরা স্বাবলম্বী হওয়ার মতো চাকরি পাবেন না কিংবা চরিত্র রক্ষা করতে পারেন এমন বিয়ের সুযোগও হাতছাড়া হবে। এ অবস্থায় আমরা এক বাধ্যতামূলক পরিস্থিতির মুখোমুখি, যেখানে প্রয়োজন তীব্র। আর তীব্র প্রয়োজনকে জরুরি অবস্থার মতোই গণ্য করা হয়। তাই সহশিক্ষামূলক প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেতে নিচের শর্তগুলো বিবেচনায় রাখতে হবে।
❑ শর্তসমূহ:
১. ছেলেমেয়ে আলাদা পড়ে-এমন কোনো বিকল্প প্রতিষ্ঠান না থাকা; দেশে বা বিদেশে কোথাও তার সুব্যবস্থা না পাওয়া।
২. ঘরে বসে বা অনলাইনে এই সনদ অর্জনের কোনো উপায় না থাকা।
৩. ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য চেয়ে পড়তে যাওয়া। যথাসাধ্য দৃষ্টি অবনত রাখা; বেগানা নারীকে স্পর্শ না করা ও তাঁর সঙ্গে মুসাফাহা না করা; তাঁর সঙ্গে নির্জনে না থাকা এবং একেবারে তাঁর পাশে না বসা। মেয়েদের প্রতিও পরামর্শ, তাঁরা যেন ছেলেদের থেকে আলাদা হয়ে বসেন এবং অন্যান্য শরয়ি নিয়ম মেনে চলেন।
৪. নিজের মন হারামের দিকে গড়িয়ে যাচ্ছে এবং বিপরীত লিঙ্গের সহপাঠীদের কারণে সে ফিতনায় জড়িয়ে পড়ছে-এমন টের পেলে সঙ্গে সঙ্গে সেই স্থান ত্যাগ করা। কারণ, তার দীনের নিরাপত্তা দুনিয়ার সব লাভের চেয়ে মূল্যবান। আল্লাহ নিজ অনুগ্রহে তাকে অভাবমুক্ত করবেন। আর আল্লাহই একমাত্র সাহায্যস্থল।
❑ ছেলেমেয়ে আলাদা পড়ে-এমন কয়েকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়
১. দুবাই মেডিকেল কলেজ, আরব আমিরাত
২. আল-আজহার বিশ্ববিদ্যালয়, মিসর
৩. ইমাম মুহাম্মাদ ইবনে সাউদ ইসলামি বিশ্ববিদ্যালয়, সৌদি আরব
৪. উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়, মক্কা মুকাররমা, সৌদি আরব
৫. মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়, সৌদি আরব
৬. কিং সাউদ বিশ্ববিদ্যালয়, রিয়াদ, সৌদি আরব
আল্লাহু আলাম-আল্লাহ সবচেয়ে ভালো জানেন।[islamqa info ফতোয়া নং ৪৫৮৮৩]
▬▬▬▬✿◈✿▬▬▬▬
অনুবাদক:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।
দাঈ, জুবাইল দাওয়াহ অ্যাসোসিয়েশন, সৌদি আরব।