সন্তান জন্মদানে অক্ষম নারীকে কি বিয়ে করা নিষেধ? “প্রেমময়ী ও অধিক সন্তানদাত্রী নারীকে বিয়ে করো” হাদিসের ব্যাখ্যা:
প্রশ্ন: “তোমরা প্রেমময়ী ও অধিক সন্তান প্রসবকারী নারীকে বিয়ে করো। কারণ আমি তোমাদের সংখ্যাধিক্য নিয়ে অন্যান্য উম্মতের সামনে গর্ব করব” এই হাদিসের প্রকৃত অর্থ কী?
১. যে নারীর সন্তান হওয়ার সম্ভাবনা নেই, তাকে কি বিয়ে করা নিষিদ্ধ? বন্ধ্যা নারীরা কি তাহলে সারা জীবন অবিবাহিত থাকবেন?
২. বিবাহের পর সন্তান না হলে স্বামী-স্ত্রী কি ধৈর্য ধরবেন, নাকি সঙ্গে সঙ্গে তালাক দিতে হবে?
৩. বিয়ের আগে কীভাবে বোঝা যাবে যে নারীর সন্তান হবে না?
৪. সম্পূর্ণ সুস্থ থাকার পরও যাদের সন্তান হয় না তাদের বিবাহের বিধান কী?
উত্তর: এমন নারীকে বিয়ে করা মুস্তাহাব বা পছন্দনীয় যে অধিক সন্তান প্রসবের ক্ষমতা রাখে। প্রখ্যাত সাহাবি মাকিল ইবনে ইয়াসার (রাদিয়াল্লাহু আনহু) বলেন:
جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي أَصَبْتُ امْرَأَةً ذَاتَ حَسَبٍ وَجَمَالٍ، وَإِنَّهَا لَا تَلِدُ، أَفَأَتَزَوَّجُهَا؟ قَالَ: «لَا». ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ فَنَهَاهُ، ثُمَّ أَتَاهُ الثَّالِثَةَ، فَقَالَ: «تَزَوَّجُوا الْوَدُودَ الْوَلُودَ، فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الْأُمَمَ»
“এক ব্যক্তি নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এসে বলল, আমি বংশমর্যাদা ও সৌন্দর্যের অধিকারী একজন নারীর সন্ধান পেয়েছি। কিন্তু সে সন্তান জন্ম দেয় না। আমি কি তাকে বিয়ে করব? তিনি বললেন, ‘না।’ লোকটি দ্বিতীয়বার এলে তিনি তাকে নিষেধ করলেন। তৃতীয়বার এলে তিনি বললেন, ‘তোমরা প্রেমময়ী ও অধিক সন্তানদাত্রী নারীকে বিয়ে করো। কারণ আমি তোমাদের সংখ্যাধিক্য নিয়ে অন্যান্য উম্মতের সামনে গর্ব করব।”[সহিহ আবি দাউদ, হাদিস ২০৫০। শুআইব আরনাউত এর সনদকে শক্তিশালী (قوي) বলেছেন]
আরেকটি হাদিসে এসেছে, আনাস বিন মালেক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করতেন:
تَزَوَّجُوا الْوَدُودَ الْوَلُودَ , إِنِّي مُكَاثِرٌ الأَنْبِيَاءَ يَوْمَ الْقِيَامَةِ
“তোমরা এমন নারীদের বিয়ে করো যারা অধিক মহব্বতশীল ও অধিক সন্তান জন্মদানকারী। কেননা, কিয়ামতের দিন আমি অন্যান্য নবীদের তুলনায় আমার উম্মতের আধিক্য নিয়ে গর্ব করব।” [মুসনাদ আহমদ: ১২২০২; ইবনে হিব্বান: ৩/৩৩৮; মাজমাউজ জাওয়ায়িদ: ৪/৪৭৪]
ইমাম শামসুদ্দিন আজিমাবাদি (রাহ.) বলেন:
“ওয়াদুদ” (الودود) অর্থ: যে নারী তার স্বামীকে প্রচণ্ড ভালোবাসে।
“ওলুদ” (الولود) অর্থ: যে নারী বেশি বেশি সন্তান প্রসব করে।
এই দুটি গুণের কথা বিশেষভাবে উল্লেখ করার কারণ হলো, কোনো নারী যদি কেবল সন্তান জন্মদানেই পারদর্শী হন, কিন্তু স্বামীর প্রতি ভালোবাসা ও অমায়িক আচরণ না করেন তবে স্বামী তার সান্নিধ্যে মানসিক শান্তি পান না। পক্ষান্তরে নারীটি যদি স্বামীভক্ত ও ভালোবাসাপূর্ণ হওয়া সত্ত্বেও বন্ধ্যা হন তবে উম্মতের সংখ্যা বৃদ্ধির যে মূল মহৎ উদ্দেশ্য তা অর্জিত হয় না।
কুমারীদের ক্ষেত্রে এ স্বভাবগুলো তাঁদের পরিবার ও আত্মীয়স্বজন দেখে কিছুটা অনুমান করা যায়। কারণ পারিবারিক আবহাওয়া ও পারিপার্শ্বিক প্রভাবে স্বভাব-চরিত্রে সাধারণত বংশগত বা পারিবারিক মিল দেখা যায়। [আওনুল মা’বুদ: ৬/৩৩][islamqa]
❂ ১. হাদিসে কি বন্ধ্যা নারীকে বিয়ে করার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে?
না, কোনও হাদিসেই এমন নিষেধাজ্ঞা আসেনি। তবে যে হাদিসে কুমারিকে বিয়ের কথা বলা হয়েছে তার মূল শিক্ষা হলো উৎসাহ দেওয়া ও উত্তম বিষয়টি দেখিয়ে দেওয়া। এটি হারামকারী নিষেধাজ্ঞা নয়। ফকিহগণের সাধারণ বক্তব্য হলো, সন্তানকামী পুরুষের জন্য এমন নারীকে বেছে নেওয়া মুস্তাহাব (উত্তম) যার সন্তান ধারণের সম্ভাবনা বেশি এবং যে স্বামীকে ভালোবাসে। এর পক্ষে কয়েকটি বিষয় লক্ষণীয়:
হাদিসের ঘটনায় লোকটি নিজের পছন্দ নিয়ে পরামর্শ চেয়েছিল। নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে উত্তম বিকল্পের দিকে পথ দেখিয়েছেন।
কুরআনে অবিবাহিতদের বিয়ের নির্দেশ সাধারণভাবে এসেছে, সেখানে সন্তান ধারণক্ষমতার কোনো শর্ত নেই। আল্লাহ তাআলা বলেন,
وَأَنكِحُوا الْأَيَامَىٰ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ
“তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ দাও এবং তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎ, তাদেরও।” [সুরা নুর: ৩২]
বিয়ের উদ্দেশ্য শুধু সন্তান নয়। প্রশান্তি, ভালোবাসা, চরিত্রের পবিত্রতা ও পারস্পরিক সহযোগিতাও বিয়ের উদ্দেশ্য।
তাই বন্ধ্যা নারী বিবাহের অযোগ্য নন এবং তাঁকে বিয়ে করা বৈধ। শর্ত হলো, স্বামী বিষয়টি জেনে সন্তুষ্টচিত্তে বিয়ে করবেন। পাত্রীর পক্ষ থেকে এ বিষয়ে জানা থাকলে তা গোপন না করে জানানো উচিত। কারণ প্রতারণা ইসলামে নিষিদ্ধ। জানার পর কেউ রাজি হলে বিয়েতে কোনো বাধা নেই।
❑ ফতওয়ায়ে বিন বায (রাহ.): সন্তান নেওয়ার ইচ্ছে না থাকলে বন্ধ্যা নারী বিয়ে করার বিধান:
এ প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তরে সৌদি আরবের সাবেক প্রধান মুফতি আল্লামা ইমাম আব্দুল আজিজ বিন বায (রাহ.) বলেন,
دَلَّتْ سُنَّةُ رَسُولِ اللَّهِ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ أَنَّهُ يُشْرَعُ لِلْمُؤْمِنِ أَنْ يَلْتَمِسَ الزَّوْجَةَ الْوَدُودَ الْوَلُودَ؛ لِأَنَّ الرَّسُولَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ قَالَ: «تَزَوَّجُوا الْوَلُودَ الْوَدُودَ، فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الْأُمَمَ يَوْمَ الْقِيَامَةِ». فَالْأَفْضَلُ لَكَ يَا أَخِي أَنْ تَلْتَمِسَ الْوَلُودَ الْوَدُودَ، حَتَّى تَجْمَعَ بَيْنَ الْمَصْلَحَتَيْنِ: قَضَاءِ شَهْوَتِكَ وَحَاجَتِكَ وَعِفَّةِ نَفْسِكَ، وَتَحْصِيلِ الْأَوْلَادِ الَّذِينَ تُكَثَّرُ بِهِمُ الْأُمَّةُ، وَيَنْفَعُكَ اللَّهُ بِهِمْ إِذَا صَلَحُوا. هَذَا هُوَ الْأَوْلَى لَكَ، وَالْأَفْضَلُ لَكَ.
وَنِكَاحُ الْعَقِيمِ لَا شَيْءَ فِيهِ، لَا بَأْسَ بِهِ، لَا حَرَجَ فِي ذَلِكَ، لَكِنَّ نِكَاحَ الْوَلُودِ الْوَدُودِ أَفْضَلُ وَأَوْلَى. وَإِذَا جَمَعْتَ بَيْنَ الْمَرْأَتَيْنِ، نَكَحْتَ وَدُودًا وَلُودًا، وَنَكَحْتَ عَقِيمًا، وَجَمَعْتَ بَيْنَ الْأَمْرَيْنِ؛ فَلَا بَأْسَ، هَذَا إِلَيْكَ. وَنَسْأَلُ اللَّهَ أَنْ يُوَفِّقَ الْجَمِيعَ.
“রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সুন্নাহ থেকে প্রমাণিত যে, মুমিনের জন্য শরিয়তসম্মত হলো প্রেমময়ী ও অধিক সন্তানদাত্রী স্ত্রীর সন্ধান করা। কারণ রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
«تَزَوَّجُوا الْوَلُودَ الْوَدُودَ، فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الْأُمَمَ يَوْمَ الْقِيَامَةِ»
“তোমরা অধিক সন্তানদাত্রী ও প্রেমময়ী নারীকে বিয়ে করো। কারণ কিয়ামতের দিন আমি তোমাদের সংখ্যাধিক্য নিয়ে অন্যান্য উম্মতের সামনে গর্ব করব।”
অতএব, হে আমার ভাই, আপনার জন্য উত্তম হলো অধিক সন্তানদাত্রী ও প্রেমময়ী নারীর সন্ধান করা, যাতে আপনি দুটি কল্যাণ একসঙ্গে লাভ করতে পারেন: আপনার কামনা ও প্রয়োজন পূরণ এবং নিজের চারিত্রিক পবিত্রতা রক্ষা, আর এমন সন্তান লাভ, যাদের দ্বারা উম্মতের সংখ্যা বৃদ্ধি পায় এবং তারা নেককার হলে আল্লাহ তাদের মাধ্যমে আপনাকে উপকৃত করেন। এটিই আপনার জন্য অধিকতর উপযুক্ত ও উত্তম। বন্ধ্যা নারীকে বিয়ে করায় কোনো সমস্যা নেই; এতে কোনো দোষ বা অসুবিধা নেই। তবে প্রেমময়ী ও অধিক সন্তানদাত্রী নারীকে বিয়ে করা অধিক উত্তম ও অগ্রগণ্য। আর যদি আপনি দুজনকেই বিয়ে করেন অর্থাৎ একজন প্রেমময়ী ও সন্তানদাত্রী এবং আরেকজন বন্ধ্যা। এভাবে দুটি বিষয়ই একত্র করেন তাহলেও কোনো অসুবিধা নেই।এটি আপনার সিদ্ধান্ত।
আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি সবাইকে তাওফিক দান করুন।”[binbaz org sa]
❂ ২. বিয়ের পর সন্তান না হলে কী করণীয়?
সন্তান না হওয়া তালাকের কোনো শরয়ি কারণ নয়। সন্তান দান করা বা না করা আল্লাহর ইচ্ছাধীন। মহান আল্লাহ তাআলা বলেন,
لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ يَخْلُقُ مَا يَشَاءُ ۚ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ ﴿٤٩﴾ أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا ۖ وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا ۚ إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ ﴿٥٠﴾
“আসমানসমূহ ও জমিনের রাজত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন। যাকে ইচ্ছা কন্যাসন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্রসন্তান দান করেন। অথবা তাদের পুত্র ও কন্যা উভয়ই দান করেন, আর যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান।” [সুরা শুরা: ৪৯-৫০]
এখানে আল্লাহ সন্তান না হওয়াকেও তাঁর প্রজ্ঞাপূর্ণ ফয়সালা হিসেবে উল্লেখ করেছেন। এ কারণে স্ত্রীকে দোষারোপ করা বা তালাকের ভয় দেখানো অন্যায়। স্ত্রীর প্রতি আচরণের ক্ষেত্রে নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
لَا يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً، إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ
“কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে ঘৃণা না করে। তার কোনো একটি আচরণ অপছন্দ হলে অন্য একটি আচরণে সে সন্তুষ্ট হবে।” [সহিহ মুসলিম, হাদিস নং ১৪৬৯]
তাই স্বামী-স্ত্রী উভয়ের করণীয় হলো ধৈর্য ধারণ করা, আল্লাহর দরবারে দোয়া করা এবং শরিয়তসম্মত উপায়ে চিকিৎসা নেওয়া। কিন্তু এ কারণে স্ত্রীর ওপর কোনো ধরনের অত্যাচার করা, তাঁকে গালমন্দ বা হুমকি-ধমকি দেওয়া কিংবা খারাপ আচরণ করা কিছুতেই জায়েজ নয়। এমনটি করা হলে তা হবে স্পষ্ট জুলুম, যার পরিণতি অত্যন্ত ভয়াবহ। (আল্লাহ আমাদের ক্ষমা করুন। আমিন।)
❂ ৩. বিয়ের আগে কীভাবে বোঝা যাবে?
নিশ্চিতভাবে জানার কোনো উপায় নেই। গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। হাদিসের ব্যাখ্যাকারগণ বলেছেন, সাধারণত পাত্রীর নিকটাত্মীয় নারীদের, যেমন: মা ও বোনের সন্তান জন্মদানের অবস্থা দেখে একটি ধারণা পাওয়া যায়। এটি কেবল অনুমান, নিশ্চিত প্রমাণ নয়। প্রয়োজন মনে করলে বৈধ চিকিৎসাপদ্ধতিতে পরীক্ষা করানোও দোষের নয়। তবে পরীক্ষার ফল যা-ই হোক, তা আল্লাহর ফয়সালার অধীন।
❂ ৪. সুস্থ থাকার পরও সন্তান না হলে বিবাহের বিধান কী?
এমন নারীর বিবাহে কোনো বাধা নেই। বাহ্যিক সুস্থতা সত্ত্বেও সন্তান না হওয়া আল্লাহর ইচ্ছারই অংশ [সুরা শুরা: ৫০]। এ কারণে এমন নারীকে বিয়ে করা যেমন বৈধ, তেমনি তাঁকে তালাক দেওয়ারও কোনো বাধ্যবাধকতা নেই। তবে কেউ যদি সন্তানের আগ্রহে এমন নারীকে বিয়ে না করেন তা তাঁর স্বাধীনতা। আর যিনি জেনেশুনে বিয়ে করেন, তিনি ধৈর্য ও আল্লাহর ফয়সালায় সন্তুষ্টির কারণে সওয়াব পাওয়ার আশা করতে পারেন।
মূলকথা, হাদিসটি সন্তানদাত্রী ও স্বামীর প্রতি ভালোবাসাময়ী নারীকে বিয়েতে অগ্রাধিকার দেওয়ার উৎসাহ দিয়েছে। কিন্তু বন্ধ্যা নারীকে বিয়ে করা হারাম করেনি এবং সন্তান না হওয়াকে তালাকের কারণও বানায়নি।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার। সৌদি আরব।
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার। সৌদি আরব।