প্রশ্ন: সুরা বাকারা ও সুরা আলে ইমরানের ফজিলত কী? প্রতিদিন অল্প অল্প করে দেখে পড়লে কি সে ফজিলত পাওয়া যাবে?
উত্তর: নিম্নে এ সংক্রান্ত হাদিসগুলো উল্লেখপূর্বক বিজ্ঞ আলেমদের ফতওয়া ও মতামতের আলোকে উত্তর প্রদান করা হলো:
✪ প্রশ্ন-১: হাদিসে বর্ণিত এই দুই সুরার ফজিলত কী?
উত্তর: আবু উমামা আল-বাহিলি (রাদিয়াল্লাহু আনহু) বলেন, তিনি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেন:
«اقْرَءُوا الْقُرْآنَ فَإِنَّهُ يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ شَفِيعًا لِأَصْحَابِهِ، اقْرَءُوا الزَّهْرَاوَيْنِ: الْبَقَرَةَ وَسُورَةَ آلِ عِمْرَانَ، فَإِنَّهُمَا تَأْتِيَانِ يَوْمَ الْقِيَامَةِ كَأَنَّهُمَا غَمَامَتَانِ، أَوْ كَأَنَّهُمَا غَيَايَتَانِ، أَوْ كَأَنَّهُمَا فِرْقَانِ مِنْ طَيْرٍ صَوَافَّ، تُحَاجَّانِ عَنْ أَصْحَابِهِمَا. اقْرَؤُوا سُورَةَ الْبَقَرَةِ؛ فَإِنَّ أَخْذَهَا بَرَكَةٌ، وَتَرْكَهَا حَسْرَةٌ، وَلَا تَسْتَطِيعُهَا الْبَطَلَةُ»
قَالَ مُعَاوِيَةُ: بَلَغَنِي أَنَّ الْبَطَلَةَ السَّحَرَةُ.
“তোমরা কুরআন পড়ো। কারণ কিয়ামতের দিন তা তার পাঠকারীদের জন্য সুপারিশকারী হয়ে আসবে। তোমরা দুই উজ্জ্বল সুরা বাকারা ও আল ইমরান পড়ো। কারণ কিয়ামতের দিন সুরা দুটি আসবে দুটি মেঘখণ্ডের মতো, অথবা দুটি ছায়াদানকারীর মতো অথবা সারিবদ্ধ পাখির দুটি ঝাঁকের মতো। তারা তাদের সাথিদের পক্ষে বাদানুবাদ করবে। তোমরা সুরা বাকারা পড়ো। কারণ তা গ্রহণ করা বরকত এবং ত্যাগ করা আক্ষেপের কারণ। আর বাতিলপন্থীরা তা আয়ত্ত করতে পারে না।”
“মুআবিয়া (ইবনে সাল্লাম ইবনে আবি সাল্লাম আল-হাবাশি) বলেন, আমার কাছে খবর পৌঁছেছে যে, ‘বাতিলাহ’ অর্থ জাদুকররা।”[সহিহ মুসলিম, হাদিস নং ৮০৪]
নাওয়াস ইবনে সামআন (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন:
«يُؤْتَى بِالْقُرْآنِ يَوْمَ الْقِيَامَةِ وَأَهْلِهِ الَّذِينَ كَانُوا يَعْمَلُونَ بِهِ فِي الدُّنْيَا، تَقْدُمُهُ سُورَةُ الْبَقَرَةِ وَآلُ عِمْرَانَ، تُحَاجَّانِ عَنْ صَاحِبِهِمَا»
“কিয়ামতের দিন কুরআনকে আনা হবে এবং তার অনুসারীদেরও, যারা দুনিয়াতে এর ওপর আমল করত। সুরা বাকারা ও আল ইমরান তার আগে আগে থাকবে এবং তাদের সাথির পক্ষে বাদানুবাদ করবে।” [সহিহ মুসলিম, হাদিস নং ৮০৫]
❑ ব্যাখ্যা:
✪ হানাফি মাজহাবের বিজ্ঞ আলেম আত-তুরবিশতি (ফজলুল্লাহ ইবনে হাসান আত তুরিবিশতি, মৃত্যু: ৬৬১ হিজরি মোতাবেক ১২৬২/১২৬৩ খ্রিষ্টাব্দ)-এর ‘আল-মুয়াসসার ফি শারহি মাসাবিহিস সুন্নাহ’ গ্রন্থে (খণ্ড ২, পৃষ্ঠা ৪৯৩) এসেছে:
«(فَإِنَّ أَخْذَهَا بَرَكَةٌ): الْمُوَاظَبَةُ عَلَى تِلَاوَتِهَا، وَالْعَمَلُ بِهَا، وَالْمُصَابَرَةُ عَلَى مَا تَسْتَدْعِي إِلَيْهِ مِنْ مُسَاوَرَةِ النُّفُوسِ، وَمُخَالَفَةِ الْهَوَى. وَاللهُ أَعْلَمُ».
হাদিসে বলা হয়েছে: “কারণ তা গ্রহণ করা বরকত।” এর অর্থ হলো, এ সূরাটি নিয়মিত তিলাওয়াত করা, তার ওপর আমল করা এবং সুরাটি নফসের সঙ্গে সংগ্রাম ও প্রবৃত্তির বিরোধিতার যে দাবি জানায় তাতে ধৈর্য ধারণ করা। আল্লাহই ভালো জানেন।”
✪ শাইখ মুহাম্মাদ ইবনে আলি ইবনে আদম ইথিউপি (রাহ.) বলেন:
«(فَإِنَّ أَخْذَهَا) أَيِ الْمُوَاظَبَةُ عَلَى تِلَاوَتِهَا، وَالتَّدَبُّرُ فِي مَعَانِيهَا، وَالْعَمَلُ بِمَا فِيهَا». «الْبَحْرُ الْمُحِيطُ» (١٦ / ٣٥١).
‘“কারণ তা গ্রহণ করা” এর অর্থ হলো: নিয়মিত তিলাওয়াত করা, তার অর্থ নিয়ে গভীর চিন্তা করা এবং তাতে যা আছে তার ওপর আমল করা।” [আল বাহরুল মুহিত ১৬/৩৫১]
মূলতঃ এই হাদিসে সুরা বাকারা ও সুরা আলে ইমরানের ফজিলত বর্ণনা করা হয়েছে এবং এ দুটি তিলাওয়াতে উৎসাহ দেওয়া হয়েছে। এই তিলাওয়াতের জন্য নির্দিষ্ট কোনো সময় বর্ণিত হয়নি; বরং বিষয়টি উন্মুক্ত। উদ্দেশ্য হলো, মুসলিমকে সুরা দুটি নিয়মিত তিলাওয়াতে উৎসাহিত করা। [islamqa]
✪ প্রশ্ন-২: এমন কিছু কি আছে যা খেয়াল রাখা জরুরি?
উত্তর: হ্যাঁ, দ্বিতীয় হাদিসে ফজিলতের সঙ্গে আমলের কথা এসেছে (“যারা এর ওপর আমল করত”)। তাই শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে বোঝার চেষ্টা করা এবং আমল করার চেষ্টা করা উচিত।
✪ প্রশ্ন-৩: প্রতিদিন অল্প অল্প করে পড়লেই কি এই ফজিলত পাওয়া যাবে?
হ্যাঁ, ইনশাআল্লাহ, এর সাওয়াব অবশ্যই পাওয়া যাবে। কয়েকটি কারণে:
◆ প্রথমতঃ হাদিসে কেবল পড়ার কথা বলা হয়েছে। এক বৈঠকে বা নির্দিষ্ট সময়ের মধ্যে তা শেষ করার কোনো শর্ত দেওয়া হয়নি।
◆ দ্বিতীয়তঃ ফজিলতের বর্ণনায় “সাথি” বা নিয়মিত সংশ্রবের কথা বলা হয়েছে। প্রতিদিন অল্প অল্প করে হলেও যারা সুরা দুটির সাথে নিয়মিত যোগাযোগ রাখে, তারাই এই সুক্ষ্ম সম্পর্কের অধিকারী।
◆ তৃতীয়তঃ দেখে পড়া আর মুখস্থ পড়ার মাঝে এই ফজিলতের ক্ষেত্রে কোনো তফাত নেই। দুটোই তিলাওয়াত হিসেবে গণ্য।
আল্লাহু আলাম (আল্লাহই সর্বজ্ঞ)।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার। সৌদি আরব।
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার। সৌদি আরব।