প্রশ্ন: আমাদের বাড়ির কাছেই ক্যান্টনমেন্ট। বাজারের একটি দোকানে সেনাবাহিনীর জন্য নির্ধারিত রেশনের চাল, আটা ও তেল বিক্রি হয়। এগুলো কি কেনা জায়েজ?
উত্তর: চাল, আটা ও তেল মৌলিকভাবে হালাল বস্তু। শুধু ‘সেনাবাহিনীর রেশন’ হওয়ার কারণে এগুলো কেনা অবৈধ হয়ে যায় না। মূলত এর বৈধতা নির্ভর করে মূলত দুটি বিষয়ের ওপর:
✪ ১. পণ্যগুলো সংশ্লিষ্ট কর্মকর্তাদের বৈধ মালিকানায় এসেছে কি না।
✪ ২. এগুলো বিক্রির সুনির্দিষ্ট অনুমতি আছে কি না।
সেনাবাহিনীতে কর্মরত ব্যক্তিরা সাধারণত বৈধ উপায়েই এই রেশন পেয়ে থাকেন এবং এর মালিক হন।
মালিক হিসেবে তাঁরা এগুলো নিজে ব্যবহার করতে পারেন। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে যদি বাইরে বিক্রির ওপর কোনো নিষেধাজ্ঞা না থাকে তবে তাঁদের কাছ থেকে কিংবা তাঁদের নিকট থেকে ক্রয়কারী কোনো দোকানদারের কাছ থেকে তা কেনা জায়েজ।
❑ নিচের ক্ষেত্রগুলোতে এই পণ্য কেনা সম্পূর্ণ নিষিদ্ধ:
✪ ১. সরকার বা কর্তৃপক্ষ যদি এই রেশন কেবল নির্দিষ্ট কর্মকর্তা ও তাঁদের পরিবারের ব্যক্তিগত ব্যবহারের জন্য দিয়ে থাকে এবং বাজারে বিক্রি করার ওপর নিষেধাজ্ঞা জারি করে তবে সেই আইন ও শর্ত অমান্য করে কেনাবেচা করা বৈধ নয়।
✪ ২. পণ্যগুলো যদি সরকারি গুদাম থেকে চুরি, আত্মসাৎ বা অনুমতি ছাড়া অবৈধ উপায়ে বের করে আনা হয়ে থাকে তবে তা জেনেশুনে কেনা যাবে না। অন্যের সম্পদ বিনা অনুমতিতে বিক্রি করা বড় ধরনের খিয়ানত, আর জেনেশুনে তা কেনা মানেই অপরাধের সঙ্গে সহযোগিতা করা।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন:
“إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَىٰ أَهْلِهَا”
“নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, আমানতসমূহ তার হকদারদের কাছে পৌঁছে দিতে।” [সূরা নিসা: ৫৮]
তিনি আরও ইরশাদ করেন:
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
“তোমরা নেকি ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো; পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না।” [সূরা মায়েদা: ২]
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সতর্ক করে বলেছেন:
“مَنِ اسْتَعْمَلْنَاهُ مِنْكُمْ عَلَى عَمَلٍ فَكَتَمَنَا مِخْيَطًا فَمَا فَوْقَهُ كَانَ غُلُولًا يَأْتِي بِهِ يَوْمَ الْقِيَامَةِ”
“আমাদের কেউ কোনো কাজের দায়িত্বে নিয়োজিত হওয়ার পর সে যদি একটি সুঁই বা তার চেয়ে ছোট কোনো বস্তুও গোপন করে, তবে তা খেয়ানত (আত্মসাৎ) বলে গণ্য হবে। কিয়ামতের দিন সে তা বহন করে উপস্থিত হবে।” [সহিহ মুসলিম: ১৮৩৩]
❑ সংযুক্তি:
সেনাবাহিনীর রেশন ক্রয় বিক্রয়ের সরকারি আইনগত বৈধতা:
◈ সামরিক আইন (The Army Act, 1952):
কোনো সেনাসদস্য যদি তাঁর রেশন বাইরে বিক্রি করেন বা অপব্যবহার করেন তবে সামরিক বিধিমালা ও ডিসিপ্লিনারি অ্যাক্ট অনুযায়ী চাকরিচ্যুতি, পদাবনতি বা কঠোর কারাদণ্ডের বিধান রয়েছে।
[bdlaws minlaw gov bd]
ক্ষেত্রবিশেষে প্রচলিত ফৌজদারি আইনে চুরির মাল কেনা বা সরকারি সম্পত্তি অবৈধভাবে নিজের কাছে রাখার দায়ে জেলও হতে পারে।
◈ বেসামরিক আইন ও জরিমানা:
খোলাবাজারের কোনো সাধারণ ব্যবসায়ী বা সাধারণ নাগরিক যদি জেনেশুনে “সামরিক বাহিনীর রেশন” (যেমন: চাল, আটা বা তেল) ক্রয় বা মজুদ করেন তবে প্রশাসনের বিশেষ অভিযানে বা ভ্রাম্যমাণ আদালতের (Mobile Court) মাধ্যমে বিপুল পরিমাণ জরিমানা এবং পণ্য বাজেয়াপ্ত করা হয়।[Cplustv News]
❑ আপনার করণীয়:
দোকানদারের কাছ থেকে বিষয়টি নিশ্চিত হয়ে নেওয়া উচিত:
১. এই পণ্যগুলো কি কর্মকর্তাদের নিজ প্রাপ্য বৈধ রেশন, নাকি গুদাম থেকে অবৈধভাবে আসা?
২. এগুলো বাইরে বিক্রির ক্ষেত্রে কোনো বৈধ অনুমতি আছে কি না?
যদি স্পষ্ট জানা যায় যে, এগুলো বিক্রির অনুমতি রয়েছে তবে কেনায় কোনো বাধা নেই।
পক্ষান্তরে যদি এগুলো চুরি, আত্মসাৎ বা চোরাপথে আসার আশঙ্কা থাকে তবে তা বর্জন করাই শ্রেয়। আর যেকোনো বিষয়ে সংশয় থাকলে সতর্কতা হিসেবে তা না কেনাই নিরাপদ। আল্লাহই সবচেয়ে ভালো জানেন।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার। সৌদি আরব।
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার। সৌদি আরব।