তাকবিরে উলা এর ফজিলত এবং তা কীভাবে অর্জিত হয়

তাকবিরে তাহরিমা (তাকবিরে উলা)-এর ফজিলত এবং তা কীভাবে অর্জিত হয়?
প্রশ্ন: কেউ যদি প্রথম রাকাতের রুকুতে যাওয়ার আগে ইমামের সাথে শরিক হয় তবে সে কি তাকবিরে তাহরিমা ও এর ফজিলত পেল?
উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এবং দরুদ ও সালাম বর্ষিত হোক রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ওপর।
❑ প্রথমত: জামাতের সাথে সালাত আদায়ের সময় ইমামের সাথে তাকবিরে তাহরিমা পাওয়া একটি অত্যন্ত উত্তম ও মুস্তাহাব আমল। এর ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস ও সালাফের বাণী বর্ণিত হয়েছে।
আনাস ইবনে মালিক (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
مَنْ صَلَّى لِلَّهِ أَرْبَعِينَ يَوْمًا فِي جَمَاعَةٍ يُدْرِكُ التَّكْبِيرَةَ الْأُولَى، كُتِبَتْ لَهُ بَرَاءَتَانِ: بَرَاءَةٌ مِنَ النَّارِ، وَبَرَاءَةٌ مِنَ النِّفَاقِ
“যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য চল্লিশ দিন জামাতের সাথে প্রথম তাকবির (তাকবিরে তাহরিমা) পেয়ে সালাত আদায় করবে তার জন্য দুটি মুক্তি লেখা হবে: জাহান্নামের আগুন থেকে মুক্তি এবং মুনাফিকি থেকে মুক্তি।” [জামি তিরমিজি: ২৪১, ইমাম আলবানি এ হাদিসটিকে তার বিভিন্ন সনদের সমন্বয়ে হাসান বলেছেন, সিলসিলা সাহিহা: ২৬৫২]
হাদিসটি আনাস ইবনে মালিক (রাদিয়াল্লাহু আনহু)-এর নিজস্ব উক্তি (মাওকুফ) হিসেবেও বর্ণিত হয়েছে, আবার সরাসরি নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর বাণী (মারফু) হিসেবেও এসেছে। ইমাম তিরমিজি ও দারাকুতনি (রহ.) এটিকে মাওকুফ হিসেবে প্রাধান্য দিয়েছেন তবে শায়খ আলবানি (রহ.) একে মারফু হিসেবে হাসান বলেছেন। অবশ্য এটি মারফু হোক বা মাওকুফ, উভয় ক্ষেত্রেই এর হুকুম মারফু হাদিসের মতোই। কারণ এমন গায়েবি ও সওয়াব-সংক্রান্ত বিষয় আনাস (রাদিয়াল্লাহু আনহু)-এর পক্ষে নিজের ধারণা থেকে বলা সম্ভব নয়। নিঃসন্দেহে তিনি তা নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছ থেকেই জেনেছেন।
তাকবিরে তাহরিমা পাওয়ার ফজিলতে আরও কিছু মারফু হাদিস রয়েছে, তবে সেগুলোর সনদে কিছুটা দুর্বলতা আছে। [মাজমাউজ জাওয়াইদ: ২/১২৩; তালখিসুল হাবির: ২/২৭]
অন্যদিকে, তাকবিরে তাহরিমা পাওয়ার ব্যাপারে সালাফে সালেহিনের আগ্রহ ও গুরুত্বারোপের অসংখ্য ঘটনা বর্ণিত হয়েছে। যেমন:
◈ মুজাহিদ (রহ.) থেকে বর্ণিত:
سَمِعْتُ رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ —لَا أَعْلَمُهُ إِلَّا مِمَّنْ شَهِدَ بَدْرًا— قَالَ لِابْنِهِ: أَدْرَكْتَ الصَّلَاةَ مَعَنَا؟ قَالَ: نَعَمْ. قَالَ: أَدْرَكْتَ التَّكْبِيرَةَ الْأُولَى؟ قَالَ: لَا. قَالَ: لَمَا فَاتَكَ مِنْهَا خَيْرٌ مِنْ مِئَةِ نَاقَةٍ كُلُّهَا سُودُ الْعَيْنِ
“আমি নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর এক সাহাবিকে, আমার জানামতে তিনি বদরি সাহাবি ছিলেন, তাঁর ছেলেকে জিজ্ঞেস করতে শুনেছি, ‘তুমি কি আমাদের সাথে সালাত পেয়েছ?’ ছেলে বলল, ‘হ্যাঁ।’ তিনি আবার জিজ্ঞেস করলেন, ‘প্রথম তাকবির কি পেয়েছ?’ ছেলে বলল, ‘না।’ তখন তিনি বললেন, ‘তোমার কাছ থেকে যা ছুটে গেছে, তা একশটি কালো চোখবিশিষ্ট উটের চেয়েও উত্তম।'” [মুসান্নাফ আবদুর রাজ্জাক: ২০২১]
◈ সাইদ ইবনুল মুসাইয়্যিব (রহ.) বলেছেন:
مَا فَاتَتْنِي التَّكْبِيرَةُ الْأُولَى مُنْذُ خَمْسِينَ سَنَةً
“পঞ্চাশ বছর ধরে আমার কখনো প্রথম তাকবির ছুটে যায়নি।” [হিলইয়াতুল আউলিয়া: ২/১৬৩]
◈ ওয়াকি (রহ.) বলেন:
كَانَ الْأَعْمَشُ قَرِيبًا مِنْ سَبْعِينَ سَنَةً لَمْ تَفُتْهُ التَّكْبِيرَةُ الْأُولَى، وَاخْتَلَفْتُ إِلَيْهِ قَرِيبًا مِنْ سَنَتَيْنِ فَمَا رَأَيْتُهُ يَقْضِي رَكْعَةً
“আমাশ (রহ.)-এর প্রায় সত্তর বছর অতিবাহিত হয়েছে, কিন্তু কখনো তাঁর প্রথম তাকবির ছুটেনি। আমি প্রায় দুই বছর তাঁর সান্নিধ্যে ছিলাম, কখনো তাঁকে এক রাকাত সালাতও কাজা (মাসবুক হিসেবে আদায়) করতে দেখিনি।” [মুসনাদ ইবনুল জাদ: ৭৫৫]
◈ ইবরাহিম নাখায়ি (রহ.) বলেন:
إِذَا رَأَيْتَ الرَّجُلَ يَتَهَاوَنُ فِي التَّكْبِيرَةِ الْأُولَى فَاغْسِلْ يَدَكَ مِنْهُ
“তুমি যখন কোনো ব্যক্তিকে প্রথম তাকবিরের ব্যাপারে অলসতা করতে দেখবে, তখন তার থেকে আশা ছেড়ে দিও (অর্থাৎ, তার মধ্যে কোনো কল্যাণ নেই)।” [হিলইয়াতুল আউলিয়া: ৪/২১৫]
◈ ইয়াহইয়া ইবনে মাইন (রহ.) বলেন, আমি ওয়াকি (রহ.)-কে বলতে শুনেছি:
مَنْ لَمْ يُدْرِكِ التَّكْبِيرَةَ الْأُولَى فَلَا تَرْجُ خَيْرَهُ
“যে ব্যক্তি প্রথম তাকবির পায় না, তার কাছ থেকে কল্যাণের আশা করো না।” [শুআবুল ইমান, বায়হাকি: ২৬৫২]
ইবনে হাজার (রহ.) বলেছেন:
وَالْمَنْقُولُ عَنِ السَّلَفِ فِي فَضْلِ التَّكْبِيرَةِ الْأُولَى آثَارٌ كَثِيرَةٌ
“প্রথম তাকবিরের ফজিলত সম্পর্কে সালাফের থেকে বহু বাণী ও ঘটনা বর্ণিত হয়েছে।” [তালখিসুল হাবির: ২/১৩১]
অতএব, ইমামের সাথে তাকবিরে তাহরিমা পাওয়ার ব্যাপারে সবারই যত্নবান হওয়া উচিত।
❑ দ্বিতীয়ত: মুক্তাদি কীভাবে তাকবিরে তাহরিমার ফজিলত অর্জন করবে? এ বিষয়ে আলেমদের মধ্যে কয়েকটি মত রয়েছে:
◈ প্রথম মত: ইমামের তাকবিরে তাহরিমা বলার সময় উপস্থিত থাকা এবং তাঁর তাকবির শেষ হওয়ার সাথে সাথে কোনো বিলম্ব না করে তাকবির বলা।
◈ দ্বিতীয় মত: ইমাম সুরা ফাতিহা শুরু করার আগে সালাতে শরিক হলেই তাকবিরে তাহরিমার ফজিলত পাওয়া যাবে।
◈ তৃতীয় মত: ইমাম সুরা ফাতিহা শেষ করার আগে শরিক হলেই তা পাওয়া যাবে। এটি ওয়াকি (রহ.)-এর মত। তাঁকে প্রথম তাকবিরের সময়সীমা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন:
مَا لَمْ يَخْتِمِ الْإِمَامُ بِفَاتِحَةِ الْكِتَابِ
“ইমাম সুরা ফাতিহা শেষ করা পর্যন্ত।” [তাবাকাতুল মুহাদ্দিসিন, আসবাহানি: ৩/২১৯]
◈ চতুর্থ মত: ইমামের সাথে কিয়াম (দাঁড়ানো অবস্থা) পেলেই তা অর্জিত হবে। কারণ দাঁড়ানো অবস্থাই তাকবিরে তাহরিমার স্থান।
◈ পঞ্চম মত: ইমামের সাথে প্রথম রুকু পেলেই তাকবিরে তাহরিমার ফজিলত অর্জিত হয়। এটি হানাফি মাজহাবের মত। [রদ্দুল মুহতার: ৪/১৩১; ফাতাওয়া হিন্দিয়া: ৩/১১; মাজমু: ৪/২০৬]
এসব মতের মধ্যে প্রথম মতটিই সবচেয়ে বিশুদ্ধ ও অগ্রগণ্য। এটি শাফেয়ি, হাম্বলিসহ অধিকাংশ আলেমের (জমহুর) মত।
ইমাম নববি (রহ.) বলেন:
يُسْتَحَبُّ الْمُحَافَظَةُ عَلَى إِدْرَاكِ التَّكْبِيرَةِ الْأُولَى مَعَ الْإِمَامِ، وَفِيمَا يُدْرِكُهَا بِهِ أَوْجُهٌ: أَصَحُّهَا بِأَنْ يَشْهَدَ تَكْبِيرَةَ الْإِمَامِ وَيَشْتَغِلَ عَقِبَهَا بِعَقْدِ صَلَاتِهِ، فَإِنْ أَخَّرَ لَمْ يُدْرِكْهَا
“ইমামের সাথে প্রথম তাকবির পাওয়ার ব্যাপারে যত্নবান হওয়া মুস্তাহাব। এটি কীভাবে অর্জিত হবে তা নিয়ে কয়েকটি মত রয়েছে; সবচেয়ে বিশুদ্ধ মত হলো, ইমামের তাকবিরের সময় উপস্থিত থাকা এবং এর পরপরই নিজের সালাত শুরু করা। যদি কেউ বিলম্ব করে তবে সে এর ফজিলত পাবে না।” [রওজাতুত তালিবিন: ১/৪৪৬]
ইবনে রজব (রহ.) বলেন:
وَنَصَّ أَحْمَدُ فِي رِوَايَةِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ عَلَى أَنَّهُ إِذَا لَمْ يُدْرِكِ التَّكْبِيرَةَ مَعَ الْإِمَامِ لَمْ يُدْرِكِ التَّكْبِيرَةَ الْأُولَى
“ইবরাহিম ইবনুল হারিসের বর্ণনায় ইমাম আহমদ (রহ.) স্পষ্ট বলেছেন যে, কেউ যদি ইমামের সাথে তাকবির না পায় তবে সে প্রথম তাকবির পায়নি।”
তিনি আরও বলেন:
وَقَدْ قَالَ وَكِيعٌ: مَنْ أَدْرَكَ آمِينَ مَعَ إِمَامِهِ فَقَدْ أَدْرَكَ مَعَهُ فَضِيلَةَ تَكْبِيرَةِ الْإِحْرَامِ. وَأَنْكَرَ الْإِمَامُ أَحْمَدُ ذَلِكَ، وَقَالَ: لَا تُدْرَكُ فَضِيلَةُ تَكْبِيرَةِ الْإِحْرَامِ إِلَّا بِإِدْرَاكِهَا مَعَ الْإِمَامِ
“ওয়াকি (রহ.) বলেছেন, যে ব্যক্তি ইমামের সাথে ‘আমিন’ পেল, সে তাকবিরে তাহরিমার ফজিলত পেল। কিন্তু ইমাম আহমদ (রহ.) এর বিরোধিতা করে বলেছেন, ইমামের সাথে তাকবির না পাওয়া পর্যন্ত তাকবিরে তাহরিমার ফজিলত অর্জিত হয় না।”
ইবনে মুফলিহ (রহ.) বলেন:
قَالَ جَمَاعَةٌ: وَفَضِيلَةُ التَّكْبِيرَةِ الْأُولَى لَا تَحْصُلُ إِلَّا بِشُهُودِ تَحْرِيمِ الْإِمَامِ
“আলেমদের একটি দল বলেছেন, ইমামের তাকবিরে তাহরিমার সময় উপস্থিত থাকা ছাড়া প্রথম তাকবিরের ফজিলত অর্জিত হয় না।” [ফুরু: ১/৫২১]
হাজ্জাভি (রহ.) বলেন:
وَإِدْرَاكُ تَكْبِيرَةِ الْإِحْرَامِ مَعَ الْإِمَامِ فَضِيلَةٌ، وَإِنَّمَا تَحْصُلُ بِالِاشْتِغَالِ بِالتَّحَرُّمِ عَقِبَ تَحَرُّمِ إِمَامِهِ مَعَ حُضُورِهِ تَكْبِيرَةَ إِحْرَامِهِ
“ইমামের সাথে তাকবিরে তাহরিমা পাওয়া একটি বড় ফজিলত। আর তা কেবল তখনই অর্জিত হয়, যখন মুক্তাদি ইমামের তাকবিরে তাহরিমার সময় উপস্থিত থাকে এবং ইমামের তাকবিরের পরপরই নিজে তাকবির বলে সালাত শুরু করে।” [ইকনা: ১/১৫১]
শায়খ ইবনে উসাইমিন (রহ.) বলেন:
السُّنَّةُ: إِذَا كَبَّرَ الْإِمَامُ أَنْ تُبَادِرَ وَتُكَبِّرَ حَتَّى تُدْرِكَ فَضْلَ تَكْبِيرَةِ الْإِحْرَامِ، وَقَدْ ثَبَتَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِذَا كَبَّرَ فَكَبِّرُوا» وَالْفَاءُ تَدُلُّ عَلَى التَّرْتِيبِ وَالتَّعْقِيبِ، يَعْنِي: مِنْ حِينِ أَنْ يُكَبِّرَ وَيَنْقَطِعَ صَوْتُهُ مِنَ الرَّاءِ بِقَوْلِهِ: (اللَّهُ أَكْبَرُ) فَكَبِّرْ أَنْتَ وَلَا تَشْتَغِلْ لَا بِدُعَاءٍ وَلَا بِتَسَوُّكٍ وَلَا بِمُخَاطَبَةِ مَنْ بِجَانِبِكَ، فَإِنَّ هَذَا يُفَوِّتُ عَلَيْكَ إِدْرَاكَ فَضْلِ تَكْبِيرَةِ الْإِحْرَامِ
“সুন্নত হলো, ইমাম তাকবির বলার সাথে সাথেই তুমিও দ্রুত তাকবির বলবে, যাতে তাকবিরে তাহরিমার ফজিলত অর্জন করতে পারো। নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে প্রমাণিত হয়েছে যে, তিনি বলেছেন: ‘ইমাম যখন তাকবির বলে তখন তোমরাও তাকবির বলো।’ এখানে আরবি ‘ফা’ অব্যয়টি ধারাবাহিকতা এবং তাৎক্ষণিকতা বোঝায়। অর্থাৎ ইমাম ‘আল্লাহু আকবার’ বলে শেষ করার সাথে সাথেই তুমিও তাকবির বলো। এ সময় কোনো দোয়া, মিসওয়াক বা পাশের কারও সাথে কথা বলায় ব্যস্ত থেকো না। কারণ এতে তাকবিরে তাহরিমার ফজিলত ছুটে যাবে।” [লিকাউল বাবিল মাফতুহ: ২/১৯২]
শায়খ সালেহ আল-ফাওজান (রহ.) তাঁর মুলাখখাসুল ফিকহি গ্রন্থে বলেছেন:
وَلَا تَحْصُلُ فَضِيلَتُهَا الْمَنْصُوصَةُ إِلَّا بِشُهُودِ تَحْرِيمِ الْإِمَامِ
“ইমামের তাকবিরে তাহরিমার সময় উপস্থিত না থাকলে এর নির্ধারিত ফজিলত অর্জিত হয় না।” [মুলাখখাসুল ফিকহি: ১/১৪০]
আল্লাহই সর্বাধিক জ্ঞাত।[islamqa]
▬▬▬▬✿◈✿▬▬▬▬
অনুবাদক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।
দাঈ, জুবাইল দাওয়াহ অ্যাসোসিয়েশন, সৌদি আরব।
Share: