সুরা কাউসারের ফজিলত: সহিহ কী, আর জাল কী? সোশ্যাল মিডিয়ায় সুরা কাউসারের ফজিলত নিয়ে নানা কথা ছড়িয়ে পড়ছে। অথচ সুরাটি নির্দিষ্ট সংখ্যায় পড়ার বিশেষ কোনো ফজিলত সহিহ হাদিসে প্রমাণিত নয়। এ বিষয়ে প্রচলিত বর্ণনাগুলোর বেশির ভাগই জাল (মিথ্যা) বা ভিত্তিহীন।
১. জুমার রাতে সুরা কাউসার ১০০ বার পড়লে স্বপ্নে নবীকে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দেখা যায়!
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর নামে এটি স্পষ্ট মিথ্যাচার। নির্ভরযোগ্য কোনো হাদিসগ্রন্থে এর কোনো ভিত্তি নেই।
২. ১০০০ বার পড়লে রিজিক বৃদ্ধি পায়!
এটি একটি ভিত্তিহীন দাবি। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে এমন কিছু প্রমাণিত নয়।
৩. সকালে বা ঘুমের আগে ১০০ বার পড়লে বিপদ দূর হয় ও ভাণ্ডার খুলে যায়!
এটি শরিয়তে নতুন উদ্ভাবিত আমল; এর কোনো সহিহ দলিল নেই।
৪. “যে ব্যক্তি এই সুরা পড়ে, আল্লাহ তাকে জান্নাতের প্রতিটি নহর থেকে পান করাবেন এবং কুরবানিদাতাদের সংখ্যা অনুযায়ী দশ নেকি লিখে দেবেন”!
এটি একটি জাল বর্ণনা। সালাবি ও ওয়াহিদি তাঁদের তাফসিরে সুরাগুলোর ফজিলতসংক্রান্ত জাল হাদিসের মধ্যে এটি উল্লেখ করেছেন।
৫. সুরা কাউসার ঝগড়া-বিবাদ প্রতিরোধ করে!
‘সুরা কাউসার ঝগড়া-বিবাদ প্রতিরোধ করে’একথাও দলিল বহির্ভূত বানোয়াট কথা।
৬. ‘সূরা কাউসার নিয়মিত পাঠ করলে দ্রুততম সময়ে বিয়ে হবে’ এমন একটা কথাও প্রচলিত রয়েছে। অথচ এটিও ভিত্তিহীন বা দলিল বহির্ভূত কথা।
এছাড়াও শিয়াদের কিতাবাদিতে সূরা কাউসারের বিভিন্ন ধরনের ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে যেগুলো সবই ভিত্তিহীন ও বানোয়াট।
এছাড়াও জাল ও ভিত্তিহীন হাদিসের ভিত্তিতে কোন আমল করা হলে দ্বীনের মধ্যে তা নব আবিষ্কৃত বিদআত বলে গণ্য হবে। আর প্রতিটি বিদআতই গোমরাহি আর প্রতিটি গোমরাহির পরিণতি জাহান্নাম।
(আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন)
তাই সোশ্যাল মিডিয়ায় ইসলাম সম্পর্কে কোন কিছু প্রচারের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা জরুরি। যাচাই-বাছাই না করে এসব ভিত্তিহীন কথাবার্তায় বিশ্বাস, আমল এবং প্রচার করা থেকে বিরত থাকুন।
১. কাউসার জান্নাতের একটি নহর।
সহিহ মুসলিমে আনাস ইবনে মালিক (রা.) থেকে বর্ণিত হয়েছে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর ওপর এই সুরা নাজিল হলে তিনি মৃদু হাসলেন এবং বললেন, “কাউসার কী, তোমরা জানো? এটি এমন একটি নহর, যার ওয়াদা আমার রব আমাকে দিয়েছেন। এতে প্রচুর কল্যাণ রয়েছে। এটি একটি হাউজ, কিয়ামতের দিন আমার উম্মত এর কাছে আসবে। এর পানপাত্রের সংখ্যা আকাশের তারকার সমান।” [সহিহ মুসলিম]
«أَتَدْرُونَ مَا الْكَوْثَرُ؟ فَإِنَّهُ نَهْرٌ وَعَدَنِيهِ رَبِّي عَزَّ وَجَلَّ، عَلَيْهِ خَيْرٌ كَثِيرٌ، هُوَ حَوْضٌ تَرِدُ عَلَيْهِ أُمَّتِي يَوْمَ الْقِيَامَةِ، آنِيَتُهُ عَدَدُ النُّجُومِ»
২. কুরআন তিলাওয়াতের সাধারণ ফজিলত:
সুরা কাউসার তিলাওয়াতও কুরআন তিলাওয়াতের সাধারণ ফজিলতের অন্তর্ভুক্ত। প্রতিটি হরফে একটি নেকি, যা দশটি নেকির সমপরিমাণ।
তবে নির্দিষ্ট পদ্ধতি সংখ্যা বা বিশেষ সময়ের কোনো বিধান এতে নেই।
আল্লাহ আমাদের কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এবং সব ধরনের ভিত্তিহীন বানোয়াট ও অপমানিত কথা থেকে হেফাজত করুন। আমিন।
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।
দাঈ, জুবাইল দাওয়াহ অ্যাসোসিয়েশন, সৌদি আরব।