ফার্মেসি ব্যবসা ও ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরির বিধান

প্রশ্ন: ফার্মেসি স্টোর (ওষুধের দোকান) দেওয়া কি জায়েজ? ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করার বিধান কী? এ-সংক্রান্ত বিধিবিধানগুলো জানতে চাই।
উত্তর: মানুষের রোগ নিরাময় ও স্বাস্থ্যসেবার উদ্দেশ্যে ফার্মেসি ব্যবসা পরিচালনা করা কিংবা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করা অত্যন্ত মহৎ ও হালাল একটি পেশা। তবে এই পেশার মাধ্যমে অর্জিত উপার্জন সম্পূর্ণ পবিত্র ও হালাল রাখতে ইসলামি শরিয়তের সুনির্দিষ্ট কিছু নীতিমালা ও শর্ত মেনে চলা অপরিহার্য।
❑ নিচে সংক্ষেপে এ বিষয়ে আলোকপাত করা হলো:
❂ সাধারণভাবে ইসলাম ব্যবসা-বাণিজ্যকে হালাল করেছে। মহান আল্লাহ বলেন:
وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
“আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।” [সূরা বাকারা: ২৭৫]
❂ অনুরূপভাবে ইসলামের দৃষ্টিতে বিভিন্ন রোগব্যাধিতে চিকিৎসা গ্রহণ বা ওষুধ সেবন করা শরিয়তসম্মত। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
مَا أَنْزَلَ اللَّهُ دَاءً إِلَّا أَنْزَلَ لَهُ شِفَاءً
“আল্লাহ এমন কোনো রোগ নাজিল করেননি, যার নিরাময়ও নাজিল করেননি।” [সহিহ বুখারি: ৫৬৭৮]
❂ মানুষের কষ্ট লাঘব করা ও জীবন রক্ষায় সহায়তা করা অত্যন্ত মহৎ কাজ। আল্লাহ তাআলা ইরশাদ করেন:
وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا
“আর যে একজনের প্রাণ রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতির প্রাণ রক্ষা করল।” [সূরা মায়িদা: ৩২]
❂ এ ছাড়া হাদিসে মানুষের কষ্ট লাঘবের বড় প্রতিদানের কথা বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا، نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ
“যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি কষ্টসমূহের একটি কষ্ট দূর করে দেবে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্টসমূহের একটি কষ্ট দূর করে দেবেন।” [সহিহ মুসলিম: ২৬৯৯]
সুতরাং এই সকল দৃষ্টিকোণ থেকে প্রয়োজনীয় উপকারী ঔষধ উৎপাদন,‌ আমদানি, রপ্তানি ক্রয় ও বিক্রয় সবই হালাল। তবে এজন্য কতিপয় শর্ত মেনে চলা আবশ্যক।
❑ ১. ফার্মেসি ব্যবসার কিছু মৌলিক শর্তাবলী:
✪ ক) সরকারি আইন অনুযায়ী ড্রাগ লাইসেন্স গ্রহণ করা এবং ফার্মেসিতে নিবন্ধিত বা অভিজ্ঞ ফার্মাসিস্টের উপস্থিতি নিশ্চিত করা অপরিহার্য। দেশের প্রচলিত আইন বা বিধিমালা লঙ্ঘন করে কিংবা অবৈধ উপায়ে ব্যবসা পরিচালনা করা শরিয়তসম্মত নয়।
✪ খ) ভেজাল, নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় করা জায়েজ নয়। কারণ তা মানুষের জীবনের সঙ্গে সরাসরি প্রতারণা ও মারাত্মক বিশ্বাসঘাতকতা, যা সম্পূর্ণ হারাম। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا
“যে আমাদের সঙ্গে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়।” [সহিহ মুসলিম: ১০১]
✪ গ) ওষুধের মান, কার্যকারিতা ও মেয়াদ সম্পর্কে ক্রেতার কাছে কোনো তথ্য গোপন করা যাবে না। বিক্রেতার দায়িত্ব হলো সততা বজায় রাখা। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا، فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا، وَإِنْ كَذَبَا وَكَتَمَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا
“ক্রেতা ও বিক্রেতা পৃথক না হওয়া পর্যন্ত ক্রয়-বিক্রয় বহাল রাখা বা বাতিল করার এখতিয়ার রাখে। তারা সত্য বললে এবং পণ্যের অবস্থা স্পষ্ট করলে তাদের ক্রয়-বিক্রয়ে বরকত দেওয়া হয়। আর মিথ্যা বললে ও গোপন করলে তাদের ক্রয়-বিক্রয়ের বরকত মুছে ফেলা হয়।” [সহিহ বুখারি: ২০৭৯; সহিহ মুসলিম: ১৫৩২]
✪ ঘ) তাপমাত্রা নিয়ন্ত্রণসহ ওষুধ সংরক্ষণের সঠিক পরিবেশ ও ব্যবস্থা বজায় রাখতে হবে। সঠিক সংরক্ষণের অভাবে অনেক ওষুধ নষ্ট হয়ে যেতে বা কার্যকারিতা হারাতে পারে, যা ক্রেতার শারীরিক ক্ষতির কারণ হয়। এ ক্ষেত্রে অবহেলা করা মানে আমানতের খেয়ানত করা।
✪ ঙ) কৃত্রিম সংকট তৈরি করে জীবনরক্ষাকারী বা নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো মারাত্মক অন্যায়।
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
لَا يَحْتَكِرُ إِلَّا خَاطِئٌ
“অপরাধী ছাড়া কেউ মজুতদারি করে না।” [সহিহ মুসলিম: ১৬০৫]
✪ চ) চিকিৎসকের সঠিক প্রেসক্রিপশন ও বৈধ প্রয়োজন ছাড়া নেশার উদ্দেশ্যে ব্যবহার হতে পারে এমন ওষুধ বিক্রি করা অনৈতিক এবং পাপের কাজে সহযোগিতার শামিল। আল্লাহ তাআলা ইরশাদ করেন:
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
“তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো এবং পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা কোরো না।” [সূরা মায়িদা: ২]
❑ ২. অ্যালকোহল ও শূকরের উপাদানযুক্ত ওষুধের বিধান:
◈ ক) যেসব ওষুধে নেশা সৃষ্টি করে এমন পরিমাণ অ্যালকোহল থাকে, অথবা শূকরের চর্বি বা শূকর থেকে প্রাপ্ত জিলাটিন রূপান্তর (ইস্তিহালা) ছাড়াই থাকে, সেগুলো তৈরির কাজ করা জায়েজ নয়। কারণ অ্যালকোহল মদের অন্তর্ভুক্ত; তাই তা পান করা, তা দিয়ে চিকিৎসা গ্রহণ করা এবং খাবার বা পানীয়ের সঙ্গে মেশানো জায়েজ নয়। আর শূকর থেকে প্রাপ্ত সবকিছু নাপাক, যা থেকে বেঁচে থাকা ও পবিত্র হওয়া আবশ্যক; তাই ওষুধ, খাবার বা পানীয়—কোনোটিতেই তা যুক্ত করা বৈধ নয়। [ইসলাম প্রশ্ন ও উত্তর, ফতোয়া নং ২৭১১৯২]
এ বিষয়ে ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ) বলেছেন:
الْمُعَالَجَةُ بِالْمُحَرَّمَاتِ قَبِيحَةٌ عَقْلًا وَشَرْعًا
“হারাম বস্তু দিয়ে চিকিৎসা করা বিবেক ও শরিয়ত উভয় দৃষ্টিতেই নিন্দনীয়।” [যাদুল মাআদ: ৪/১৪১]
যা তৈরি করা জায়েজ নয়, তা বিক্রি করাও জায়েজ নয়। সুতরাং এ ধরনের ওষুধ ফার্মেসিতে বিক্রি করা যাবে না এবং ফার্মেসির কর্মীকে তা থেকে বিরত থাকতে হবে। [ইসলাম প্রশ্ন ও উত্তর, ফতোয়া নং ২৫৭৫১২]
◈ খ) সামান্য অ্যালকোহলযুক্ত ওষুধের বিধান:
কোনো ওষুধে অ্যালকোহল যদি এত অল্প পরিমাণে মেশানো থাকে যে উক্ত ঔষধ অনেক বেশি সেবন করলেও নেশা হয় না তাহলে সেই ওষুধ সেবন করা ও বিক্রি করা জায়েজ। কারণ এই পরিমাণ অ্যালকোহল ওষুধের সঙ্গে মিশে গিয়ে স্বাদ, রং ও গন্ধে কোনো প্রভাব ফেলে না এবং তা পবিত্র ও বৈধ বস্তুতে রূপান্তরিত হয়েছে বলে গণ্য হয়। এটি স্থায়ী কমিটির ফতোয়া এবং ইসলামি ফিকহ একাডেমিগুলোর সিদ্ধান্ত অনুযায়ী।
এ ছাড়া অ্যালকোহলমুক্ত বিকল্প থাকলে সন্দেহ এড়াতে সেটি বেছে নেওয়াই উত্তম। ফিকহ একাডেমির সিদ্ধান্তে রোগীর জন্য এ ধরনের ওষুধ সেবনের শর্ত হলো, অ্যালকোহলমুক্ত বিকল্প পাওয়া না যাওয়া এবং নির্ভরযোগ্য চিকিৎসকের ব্যবস্থাপত্র থাকা। [ইসলাম প্রশ্ন ও উত্তর, ফতোয়া নং ২৫৭৫১২]
শূকর বা মৃত প্রাণী থেকে প্রাপ্ত উপাদানের ক্ষেত্রেও একই বিধান। তা খুবই সামান্য পরিমাণে মিশে থাকলে অথবা রাসায়নিক রূপান্তরের ফলে সম্পূর্ণ নতুন ও পবিত্র পদার্থে পরিণত হলে তার ছাড় আছে। [ইসলাম প্রশ্ন ও উত্তর, ফতোয়া নং ২৫৭৫১২]
❑ ৩. ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরির বিধান:
◈ ক) ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কারখানা বা ল্যাবে উৎপাদন, মান নিয়ন্ত্রণ (Quality Control), গবেষণা এবং অন্যান্য দাপ্তরিক পদে চাকরি করা সম্পূর্ণ হালাল। শর্ত হলো, উৎপাদিত ওষুধগুলো যেন মূলত বৈধ হয় এবং কোম্পানি কোনো অবৈধ বা ক্ষতিকর কর্মকাণ্ডে লিপ্ত না থাকে।
◈ খ) মার্কেটিং ও সেলস বিভাগ (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইত্যাদি): ডাক্তারের কাছে সততার সঙ্গে সংশ্লিষ্ট ওষুধের মান, উপাদান ও কার্যকারিতা তুলে ধরা এবং কোনো ধরনের অনৈতিক লেনদেন বা জোরপূর্বক প্রভাব বিস্তার না করা হালাল।
কিন্তু নির্দিষ্ট কোম্পানির ওষুধ প্রেসক্রিপশনে লেখার জন্য ডাক্তারকে নগদ অর্থ, বিভিন্ন উপহারসামগ্রী, বিদেশ ভ্রমণ বা অন্য কোনো অনৈতিক সুবিধা বা কমিশন দেওয়া সরাসরি ঘুষের অন্তর্ভুক্ত। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়কে অভিসম্পাত করেছেন:
لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّاشِيَ وَالْمُرْتَشِيَ
“রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঘুষদাতা ও ঘুষগ্রহীতাকে অভিসম্পাত করেছেন।” [সুনানু আবি দাউদ: ৩৫৮০, সহিহ]
◈ গ) চাকরি কখন নাজায়েজ হবে? কোনো কর্মীর মূল দায়িত্বই যদি হয় ডাক্তারদের অবৈধ কমিশন বা ঘুষের মাধ্যমে নির্দিষ্ট ওষুধ লেখাতে বাধ্য করা, তবে সেই চাকরি এবং সেখান থেকে অর্জিত অর্থ হারাম বলে গণ্য হবে।
◈ ঘ) যেসব ওষুধ তৈরির কাজ জায়েজ নয় সেগুলোর উৎপাদনে বা বিপণনে যুক্ত থাকাও জায়েজ নয়।
❑ ৪. যে ওষুধের অপব্যবহার হওয়ার আশঙ্কা রয়েছে তা বিক্রির বিধান:
শায়খ ইবনে বায (রাহ.) বলেছেন:
هَذَا فِيهِ تَفْصِيلٌ: إِنْ كَانَ يَعْلَمُ أَنَّ الحُبُوبَ الَّتِي تُطْلَبُ يُسْتَعَانُ بِهَا عَلَى الزِّنَا وَالفَوَاحِشِ، هَذَا لَا يَبِيعُ عَلَيْهِمْ إِذَا كَانَ يَعْرِفُ عَنْهُمْ هَذَا الشَّيْءَ، أَوْ يَغْلِبُ عَلَى ظَنِّهِ أَنَّ المُشْتَرِيَ يَسْتَعْمِلُهَا فِيمَا حَرَّمَ اللهُ.
أَمَّا مُجَرَّدُ الشُّكُوكِ وَالظُّنُونِ السَّيِّئَةِ فَلَا عِبْرَةَ بِهَا، يَبِيعُ وَلَا يَمْتَنِعُ مَا دَامَتْ عِلَاجًا لِلْمَرَضِ الَّذِي يُرِيدُ الشِّرَاءَ مِنْ أَجْلِهِ، فَلَا يَمْتَنِعُ، بَلْ يَبِيعُ، إِلَّا إِذَا عَرَفَ أَنَّ هَذَا المُشْتَرِيَ يَسْتَعْمِلُهَا فِيمَا حَرَّمَ اللهُ، أَوْ غَلَبَ عَلَى ظَنِّهِ ذَلِكَ، فَهَذَا مِنْ بَابِ التَّعَاوُنِ عَلَى البِرِّ وَالتَّقْوَى، وَعَدَمِ التَّعَاوُنِ عَلَى الإِثْمِ وَالعُدْوَانِ، لَا مَانِعَ أَنْ يَمْتَنِعَ مِنْ بَيْعِهَا بِأَيِّ عُذْرٍ شَرْعِيٍّ يَسْتَطِيعُهُ، نَعَمْ، يَلْتَمِسُ عُذْرًا شَرْعِيًّا لَيْسَ فِيهِ كَذِبٌ.
“এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। কোনো ক্রেতা যদি এমন ওষুধ বা বড়ি কিনতে চায়, যা সে অনৈতিক কাজ ও অশ্লীলতায় ব্যবহার করবে বলে বিক্রেতা নিশ্চিতভাবে জানেন কিংবা তাঁর প্রবল ধারণা জন্মায়, তাহলে তিনি তা বিক্রি করবেন না।
পক্ষান্তরে কেবল সাধারণ সন্দেহ বা কুধারণার ভিত্তিতে ওষুধ বিক্রি বন্ধ করা যাবে না। ক্রেতা যে রোগ নিরাময়ের উদ্দেশ্যে ওষুধটি কিনতে চাচ্ছে, তা যদি বৈধ চিকিৎসা হয় তাহলে বিক্রি নিষিদ্ধ নয়; বরং তা বিক্রি করা যাবে।
তবে হ্যাঁ, যদি বিক্রেতা সুনির্দিষ্টভাবে জানেন কিংবা তাঁর প্রবল ধারণা হয় যে, ক্রেতা ওষুধটি কোনো হারাম কাজে ব্যবহার করবে, তাহলে তা পাপাচার ও সীমালঙ্ঘনে সহযোগিতার অন্তর্ভুক্ত হবে, যা ইসলামে নিষিদ্ধ। এ ক্ষেত্রে মিথ্যার আশ্রয় না নিয়ে বরং কোনো শরয়ি ও গ্রহণযোগ্য ওজর খুঁজে নিয়ে ওষুধ বিক্রি থেকে বিরত থাকায় কোনো বাধা নেই।” [binbaz org sa]
◯ এক নজরে ফার্মেসি ব্যবসা বা ওষুধ বিক্রয় সংক্রান্ত বিধানসমূহ:
১. ওষুধ তৈরি ও বৈধভাবে বিক্রি করা সম্পূর্ণ হালাল যদি তাতে কোনো ক্ষতিকর বা হারাম উপাদান না থাকে।
২. ওষুধ বিক্রির সময় নির্ধারিত মূল্যের ভেতর ক্রেতাকে ছাড় দেওয়া বা বৈধ উপহার প্রদান করা জায়েজ রয়েছে, তবে এতে কোনো ধরনের প্রতারণা বা ধোঁকা থাকা যাবে না।
৩. প্রেসক্রিপশন লেখার বিনিময়ে চিকিৎসককে উপহার বা কমিশন দেওয়া হারাম। কারণ এতে চিকিৎসকের পেশাগত সততা নষ্ট হয় এবং সাধারণ রোগীর ওপর আর্থিক চাপ বৃদ্ধি পায়।
৪. বৈধ প্রেসক্রিপশন ও জরুরি প্রয়োজন ছাড়া নেশাজাতীয় ওষুধ বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে যে ওষুধ সেবনে মাতলামি সৃষ্টি হয় তা সর্বসম্মতিক্রমে হারাম।
৫. ‘ক্রেতা ওষুধটি হারাম কাজে ব্যবহার করবে’ এ কথা বিক্রেতা নিশ্চিতভাবে জানলে বা তাঁর প্রবল ধারণা হলে তা বিক্রি করা জায়েজ নয়। কারণ এটি পাপাচারে সহযোগিতার অন্তর্ভুক্ত। তবে কেবল সাধারণ সন্দেহ বা কুধারণার ভিত্তিতে বৈধ চিকিৎসার ওষুধ বিক্রি বন্ধ করা যাবে না। বিক্রি থেকে বিরত থাকতে হলে মিথ্যা না বলে কোনো শরয়ি ও গ্রহণযোগ্য ওজর খুঁজে নিতে হবে।
৬. নেশা সৃষ্টি করে এমন পরিমাণ অ্যালকোহল বা রূপান্তরহীন শূকরের উপাদানযুক্ত ওষুধ তৈরি করা জায়েজ নয়। আর যা তৈরি করা জায়েজ নয় তা বিক্রি করাও জায়েজ নয়।
৭. অ্যালকোহল এত সামান্য পরিমাণে মিশে থাকলে যে অনেক বেশি সেবনেও নেশা হয় না, সেই ওষুধ সেবন ও বিক্রি জায়েজ। তবে এর বিকল্প থাকলে তা গ্রহণ করা নিঃসন্দেহে নিরাপদ।
৮. ভেজাল বা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ ও হারাম। কারণ এটি সরাসরি মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলে।
৯. জীবনরক্ষাকারী ওষুধ কৃত্রিমভাবে গুদামজাত করে সংকট তৈরি করা নিষিদ্ধ।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার। সৌদি আরব।
Share: