মেহেদি কি ওজু-গোসলের অন্তরায় এবং মেহেদি ব্যবহারের পর সালাতের বিধান

প্রশ্ন: আজ সকাল বা দুপুরের দিকে অজান্তেই বোতলের মেহেদি আমার হাতে অল্প একটু লেগে যায়। এখন সেখানে রং বসে গেছে। এটিকে কি চামড়ার ওপর আস্তর ধরব, নাকি কেবল সাধারণ রং, যা অজুতে বাধা সৃষ্টি করে না? আমি শুনেছি, কিছু মেহেদিতে নাকি আস্তর পড়ে। এ বিষয়টি না জেনেই আমি জোহর, আসর, মাগরিব ও ইশা, এই চার ওয়াক্ত নামাজ পড়ে ফেলেছি। ইশার নামাজের পর আমার বিষয়টি নজরে এসেছে। এখন এই নামাজগুলোর ব্যাপারে আমার করণীয় কী?
উত্তর:
❑ ১. ওজু-গোসলে মেহেদি কি শরীরে পানি পৌঁছাতে বাধা দেয়?
আলেমদের সাধারণ বক্তব্য হলো, গাছের মেহেদিপাতা কেবল শরীরে লাগানো স্থানকে রঙিন করে। এটি চামড়ার ওপর কোনো আস্তর বা প্রলেপ তৈরি করে না। তাই অজু ও গোসলের সময় চামড়ায় পানি পৌঁছাতে এটি প্রতিবন্ধক নয়।
পক্ষান্তরে, টিউব বা বোতলের রেডিমেড মেহেদিতে অনেক সময় কেমিক্যাল, তেল বা কৃত্রিম উপাদান মেশানো থাকে। এগুলো শুকিয়ে চামড়ার ওপর পাতলা আস্তর বা ফিল্ম তৈরি করতে পারে, যা পানি পৌঁছানোর অন্তরায় হয়।
আস্তর ও সাধারণ রঙের পার্থক্য বোঝার সহজ উপায়:
◈ অজুর সময় পানি ঢালার পর পানি সরাসরি চামড়ায় পৌঁছালে সেটি কেবল রং।
◈ পানি চামড়ায় না লেগে গড়িয়ে পড়লে, ফোঁটা হয়ে আটকে থাকলে কিংবা চামড়ার ওপর শুকনো আস্তর অনুভূত হলে সেটি প্রতিবন্ধক।
এমন আস্তর থাকলে তা ভালোভাবে তুলে ফেলে পুনরায় অজু করতে হবে।
❑ ২. যে নামাজগুলো পড়ে ফেলেছেন:
মূল বিষয় হলো, আপনার হাতের ওই জায়গায় পানির অন্তরায় সৃষ্টিকারী কোনো আস্তর ছিল কি না, তা নিশ্চিত হওয়া।
◈ আস্তর না থাকলে (কেবল রং থাকলে) আপনার অজু সম্পূর্ণ সহিহ হয়েছে এবং আগের নামাজগুলোও আদায় হয়ে গেছে। নতুন করে কিছু করতে হবে না।
◈ আস্তর সত্যিই থাকলে অজু হয়নি তাই ওই নামাজগুলোও আদায় হয়নি। তবে না জেনে ভুলবশত পড়ার কারণে আপনার কোনো গুনাহ হবে না, ইনশাআল্লাহ। অবশ্য নামাজগুলো কাজা করতে হবে অর্থাৎ জোহর, আসর, মাগরিব ও ইশা ক্রমানুসারে পুনরায় আদায় করা আবশ্যক। অধিকাংশ আলেমের মত এটিই।
◈ আস্তর ছিল কি না, এ বিষয়ে মনে সন্দেহ থাকলে এবং নিশ্চিত হতে না পারলে সতর্কতামূলক এই চার ওয়াক্ত নামাজ আবার পড়ে নেওয়া উত্তম।
❑ ফতোয়া-১: খিজাব বা মেহেদি কি অজুতে বাধা সৃষ্টি করে?
—শাইখ আবদুল আজিজ ফারহান (হাফিযাহুল্লাহ)
প্রশ্ন: ইয়েমেনের বিনতে ইসমাইল আব্দু প্রশ্ন করেন, “খিজাব বা মেহেদি কি অজুতে কোনো বাধা সৃষ্টি করে? কারণ এই মেহেদি তুলে ফেলার সময় তা চামড়ার মতো খোসা ছাড়িয়ে উঠে আসে।
উত্তর: ইয়েমেনের বোন বিনতে ইসমাইল, বারাকাল্লাহু ফীক (আল্লাহ আপনাকে বরকত দান করুন)
খিজাব বা মেহেদি মূলত দুই প্রকার:
◈ প্রথম প্রকার: সাধারণ ও প্রচলিত মেহেদি, যা ত্বকের গভীরে শুষে যায় এবং রং ধরে। এটি পানির প্রবাহে বা চামড়ায় পানি পৌঁছাতে কোনো বাধা সৃষ্টি করে না; বরং ত্বকেরই অংশ হিসেবে গণ্য হয়। আরব সমাজসহ সর্বত্র সুপরিচিত এই মেহেদি নারীরা সচরাচর ব্যবহার করেন। এটি প্রতিবন্ধক নয় বলে হাতে থাকা অবস্থায় অজু ও গোসল সম্পূর্ণ সহিহ হয়।
◈ দ্বিতীয় প্রকার: বর্তমানে প্রচলিত নতুন ধরনের মেহেদি।
হে আমার ভাই ও বোনেরা, এই আধুনিক মেহেদি সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন। এটি ত্বকের ওপর একটি প্রতিরোধক আস্তরণ তৈরি করে। এর সবচেয়ে বড় প্রমাণ হলো, শুকানোর পর এটি খোসার মতো উঠে আসে। অর্থাৎ এটি এমন একটি প্রলেপ তৈরি করে, যা পানি ও ত্বকের মাঝখানে আড়াল বা প্রতিবন্ধক হিসেবে কাজ করে।
এই দ্বিতীয় প্রকারের মেহেদি খুব বেশি প্রচলিত বা বহুল ব্যবহৃত নয়, অতটা পরিচিতও নয়। তবে আমার কাছে তথ্য এসেছে যে, কিছু নারী এটি ব্যবহার করে থাকেন। এটি দেখতে অনেকটা রং বা কৃত্রিম প্রলেপের মতো, যা চামড়ার ওপর আস্তর সৃষ্টি করে এবং পানির প্রবেশ পুরোপুরি বাধাগ্রস্ত করে।
তাই এ বিষয়ে আপনারা সবাই সতর্ক থাকবেন। আল্লাহ আপনাদের বরকত দান করুন এবং আপনাদের ইবাদত কবুল করুন। আমিন।
❑ ফতওয়া-২: মেহেদি বা হেনা কি অজুতে কোনো বাধা বা প্রতিবন্ধক তৈরি করে?
উত্তর:
الْحَمْدُ لِلَّهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ، وَعَلَى آلِهِ وَصَحْبِهِ، أَمَّا بَعْدُ
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর প্রতি এবং তাঁর পরিবার ও সাহাবিদের প্রতি। অতঃপর:
ত্বকে পানি পৌঁছানো অজু শুদ্ধ হওয়ার অন্যতম শর্ত। তাই অজুতে ধোয়ার অঙ্গগুলোর কোনো অংশে পানি পৌঁছাতে বাধা দেয়-এমন কোনো আস্তর (যেমন: মেহেদি বা অন্য কিছু) থাকলে পবিত্রতা বাতিল হয়ে যায়। তবে যে রং বা চিহ্ন ত্বকে পানি পৌঁছাতে বাধা দেয় না তা অজুর শুদ্ধতায় কোনো প্রভাব ফেলে না।”
✪ ইমাম নববি (রাহ.) আল-মাজমূ গ্রন্থে বলেছেন:
«إِذَا كَانَ عَلَى بَعْضِ أَعْضَائِهِ شَمْعٌ أَوْ عَجِينٌ أَوْ حِنَّاءٌ أَوْ أَشْبَاهُ ذَلِكَ، فَمَنَعَ وُصُولَ الْمَاءِ إِلَى شَيْءٍ مِنَ الْعُضْوِ؛ لَمْ تَصِحَّ طَهَارَتُهُ، سَوَاءٌ كَثُرَ ذَلِكَ أَمْ قَلَّ. وَلَوْ بَقِيَ عَلَى الْيَدِ وَغَيْرِهَا أَثَرُ الْحِنَّاءِ وَلَوْنُهُ دُونَ عَيْنِهِ، أَوْ أَثَرُ دُهْنٍ مَائِعٍ بِحَيْثُ يَمَسُّ الْمَاءُ بَشَرَةَ الْعُضْوِ وَيَجْرِي عَلَيْهَا، لَكِنْ لَا يَثْبُتُ؛ صَحَّتْ طَهَارَتُهُ»
“কারও কোনো অঙ্গে মোম, ময়দার খামির, মেহেদি কিংবা এ ধরনের কিছু লেগে থাকলে এবং তা অঙ্গের কোনো অংশে পানি পৌঁছাতে বাধা দিলে তার পবিত্রতা শুদ্ধ হবে না; তা বেশি হোক বা কম। আর হাত বা অন্য অঙ্গে যদি মেহেদির মূল বস্তু নয়, কেবল তার চিহ্ন ও রং থেকে যায়, কিংবা তরল তেলের এমন প্রলেপ থাকে যে পানি অঙ্গের ত্বক স্পর্শ করে এবং তার ওপর দিয়ে গড়িয়ে যায় কিন্তু আটকে থাকে না তাহলে তার পবিত্রতা শুদ্ধ হবে।”
✪ রুয়ানি (রাহ.) ‘বাহরুল মাযহাব’ গ্রন্থে বলেছেন:
«إِذَا تَوَضَّأَ وَعَلَى يَدِهِ حِنَّاءٌ؛ فَإِنْ كَانَ عَيْنُ الْحِنَّاءِ بَاقِيًا لَمْ يَزُلْ؛ لَمْ يَجُزِ الْوُضُوءُ، بَلْ عَلَيْهِ أَنْ يُزِيلَهُ، فَإِنْ لَمْ يَبْقَ إِلَّا اللَّوْنُ؛ لَمْ يَضُرَّ»
“কেউ হাতে মেহেদি থাকা অবস্থায় অজু করলে, যদি মেহেদির মূল বস্তু থেকে যায় এবং দূর না হয় তবে অজু জায়েজ হবে না; বরং তাকে তা সরিয়ে ফেলতে হবে। আর যদি কেবল রংটুকু থাকে তবে তাতে কোনো ক্ষতি নেই।”
অতএব ধর্তব্য বিষয় হলো, ধোয়ার অঙ্গ (যেমন: মুখমণ্ডল, দুই হাত ও দুই পা) অথবা মাসেহ করার অঙ্গের (যেমন: মাথা) ত্বকের বাইরের অংশে পানি পৌঁছা। তাই চুলে বা অজুর অন্য যেকোনো অঙ্গে মেহেদি ব্যবহারের সময় এ বিষয়টি খেয়াল রাখতে হবে। আল্লাহু আলাম (আল্লাহই সবচেয়ে ভালো জানেন)।[উৎস: ইসলামওয়েব, ফতোয়া নম্বর ৪৬৬৩৮১, ২০ জুমাদাল উলা ১৪৪৪ হিজরি (১৩ ডিসেম্বর ২০২২ খ্রিষ্টাব্দ)]
▬▬▬▬✿◈✿▬▬▬▬
অনুবাদ ও গ্রন্থনায়:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।
দাঈ, জুবাইল দাওয়াহ অ্যাসোসিয়েশন, সৌদি আরব।
Share: