কোনো ইমানদার কিয়ামতের ভয়ংকর দৃশ্য দেখবে না

প্রশ্ন: “কোনো ইমানদার কিয়ামতের ভয়ংকর দৃশ্য দেখবে না।” এ কথা কি সঠিক?
উত্তর: হ্যাঁ, এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত ও সম্পূর্ণ সঠিক কথা। নিঃসন্দেহে কিয়ামত সৃষ্টিজগতের সবচেয়ে ভয়াবহ ও প্রলয়ংকরী ঘটনা। কুরআন ও হাদিসের বর্ণনামতে, আল্লাহর নির্দেশে সম্মানিত ফেরেশতা ইসরাফিল (আ.) যখন শিঙ্গায় ফুঁ দেবেন তখন সমগ্র পৃথিবী প্রবল কম্পনে কেঁপে উঠবে। পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে, আকাশ বিদীর্ণ হবে, গ্রহ-নক্ষত্র কক্ষপথচ্যুত হবে এবং সমুদ্রে অগ্নিকুণ্ড সৃষ্টি হবে। এছাড়াও ঘটবে মহাজাগতিক আরও নানা অঘটন। এক কথায়, পুরো বিশ্বজাহান চরম বিভীষিকার মধ্য দিয়ে ধ্বংস হয়ে যাবে। তবে মহান আল্লাহর বিশেষ রহমতে এই মহাপ্রলয়ের ভয়াবহতা কোনো মুমিনকে স্পর্শ করবে না। কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা পৃথিবী থেকে সকল ইমানদারকে সসম্মানে উঠিয়ে নেবেন। ফলে দুনিয়ায় কেবল ইমানহীন, কাফের, মুশরিক, নাস্তিক, পথভ্রষ্ট ও নিকৃষ্ট মানুষেরাই অবশিষ্ট থাকবে এবং তাদের ওপরই এই ভয়ংকর কিয়ামত নেমে আসবে। প্রখ্যাত সাহাবি নাওয়াস ইবনে সাময়ান (রা.) থেকে বর্ণিত দীর্ঘ হাদিসে দাজ্জাল ও ইয়াজুজ-মাজুজের ফিতনা পরবর্তী সময় সম্পর্কে রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
ثُمَّ يَبْعَثُ اللَّهُ رِيحًا طَيِّبَةً فَتَأْخُذُهُمْ تَحْتَ آبَاطِهِمْ فَتَقْبِضُ رُوحَ كُلِّ مُؤْمِنٍ وَكُلِّ مُسْلِمٍ وَيَبْقَى شِرَارُ النَّاسِ يَتَهَارَجُونَ فِيهَا تَهَارُجَ الْحُمُرِ فَعَلَيْهِمْ تَقُومُ السَّاعَةُ
“অতঃপর আল্লাহ তাআলা এক সুবাসিত ও স্নিগ্ধ বাতাস প্রেরণ করবেন। তা মানুষের বগলের নিচ দিয়ে প্রবাহিত হয়ে প্রতিটি মুমিন ও মুসলিমের রূহ কবজ করে নেবে। এরপর পৃথিবীতে কেবল নিকৃষ্ট মানুষগুলোই থেকে যাবে। তারা গাধার মতো প্রকাশ্যে ও নির্লজ্জভাবে যৌনকর্মে লিপ্ত হবে। আর এদের ওপরই কিয়ামত সংঘটিত হবে।” [সহিহ মুসলিম, ২৯৩৭]
অন্য হাদিসে আনাস (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى لَا يُقَالَ فِي الْأَرْضِ اللَّهُ اللَّهُ
“পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত ‘আল্লাহ, আল্লাহ’ বলার মতো কোনো মানুষ থাকবে ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না।” [সহিহ মুসলিম, ১৪৮]
একই সূত্রে অপর বর্ণনায় এসেছে—
لَا تَقُومُ السَّاعَةُ عَلَى أَحَدٍ يَقُولُ اللَّهُ اللَّهُ
“যে ব্যক্তি ‘আল্লাহ, আল্লাহ’ বলে, তার ওপর কখনো কিয়ামত আসবে না।” [সহিহ মুসলিম, ১৪৮]
অন্য বর্ণনায় “আল্লাহ, আল্লাহ” শব্দের স্থলে “লা ইলাহা ইল্লাল্লাহ” জিকিরের কথাও এসেছে। অর্থাৎ দুনিয়ায় আল্লাহর একত্ববাদের সামান্যতম জিকির বা স্মরণ অবশিষ্ট থাকা পর্যন্ত মহাপ্রলয় শুরু হবে না। কালের পরিক্রমায় ইমানের চর্চা হ্রাস পেতে পেতে যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে তখন আল্লাহ তাআলা তাঁর বিশেষ সুবাতাস পাঠাবেন। অন্তরে অণু পরিমাণ ইমান আছে—এমন প্রতিটি মুমিনের রূহ এই স্নিগ্ধ স্পর্শে কবজ হয়ে যাবে। এরপর ধরণীতে আর কোনো সৎ ও ইমানদার বান্দা থাকবে না। সমগ্র পৃথিবী ছেয়ে যাবে চরম নৈতিকতাহীন ও পথভ্রষ্ট মানুষে, যাদের মুখে আল্লাহর নামও উচ্চারিত হবে না। ঠিক তখনই তাদের ওপর ঘনিয়ে আসবে কিয়ামতের সেই মহাসংকট। কিয়ামতের ভয়াবহ দৃশ্য ও আতঙ্ক থেকে মুমিন বান্দাদের মুক্ত রাখা মহান আল্লাহর এক অপরিসীম দয়া ও অনুকম্পা।
মোটকথা হলো, আল্লাহর বিশেষ রহমতে কিয়ামতের পূর্ব মুহূর্তে প্রেরিত পবিত্র বাতাসের মাধ্যমে সকল ইমানদার শান্তিতে দুনিয়া ত্যাগ করবেন। ফলে কোনো মুমিনকে কিয়ামতের সেই বিভীষিকা প্রত্যক্ষ করতে হবে না। কিয়ামত সংঘটিত হবে কেবল বেইমান-কাফের ও নিকৃষ্ট মানুষদের ওপর। আল্লাহ তাআলা আমাদের সকলকে পূর্ণ ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন এবং কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা করুন। আমিন।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার। সৌদি আরব।
Share: