জন্মদিনের উৎসব ও ঈদে মিলাদুন্নবির মিষ্টি তৈরি ও বিক্রয় এবং খাওয়ার বিধান সৌদি আরবের প্রধান মুফতি আল্লামা ড. শাইখ সালেহ আল ফাওজান (হাফিযাহুল্লাহ):
আমাদের সমাজে জন্ম দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজন অনুষ্ঠান করা হয়। এই উপলক্ষে কেক সহ নানা ধরনের মিষ্টান্নের আয়োজন করা হয়। অন্যদিকে বিদআতিপাড়ায় তথাকথিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চলে জমজমাট আনন্দ অনুষ্ঠান। নানা ধরনের খাবার দাবার এবং মিষ্টান্ন বিতরণ। পেশাগত কারণে অনেক মানুষ এই ধরনের মিষ্টান্ন ও খাবার তৈরীর পেশায় নিয়োজিত। এ কারণে আমাদের এ সংক্রান্ত শরিয়তের বিধি-বিধান গুলো জানা একান্ত প্রয়োজন। নিচে জন্মদিনের উৎসব ও কথিত ঈদে মিলাদুন্নবির মিষ্টি তৈরি, বিক্রয় ও খাওয়ার বিধান সংক্রান্ত সৌদি আরবের প্রথিতযশা আলেম এবং গ্র্যান্ড মুফতি আল্লামা ডক্টর সালেহ আল ফাউজান (হাফি.)-এর
কয়েকটি ফতওয়া তুলে ধরা হলো:
❑ যে ব্যক্তি মিষ্টি তৈরির পেশায় নিয়োজিত সে কি জন্মদিনের উৎসবের জন্য মিষ্টি তৈরি করতে পারবে?
প্রশ্ন-১: এক ভাই একটি মিষ্টান্ন তৈরির দোকানে কাজ করেন। তাকে কারও ব্যক্তিগত জন্মদিন উপলক্ষে মিষ্টান্ন তৈরি করতে বলা হয়েছে এবং সেগুলোর ওপর সংশ্লিষ্ট ব্যক্তিদের ছবি লাগাতে বলা হয়েছে। তার জন্য কি এ কাজ করা জায়েজ?
উত্তর:
لَا، هَذَا بَاطِلٌ وَإِعَانَةٌ عَلَى الْبَاطِلِ، وَلَا يَجُوزُ لَهُ أَنْ يَعْمَلَ لِلْأَعْيَادِ الْبِدْعِيَّةِ أَيَّ شَيْءٍ، وَلَا يَحْتَفِلُ بِهَا وَلَا يُشَارِكُ فِيهَا وَلَا يُسَاعِدُ عَلَيْهَا، بَلْ عَلَيْهِ أَنْ يُنْكِرَهَا وَأَنْ يَنْصَحَهُمْ عَنْهَا.
“না, এটি বাতিল কাজ এবং বাতিল কাজে সহযোগিতা। বিদআতি উৎসব উপলক্ষে কোনও কিছু তৈরি করা তার জন্য জায়েজ নয়। সে নিজে এসব উৎসব পালন করবে না, এতে অংশগ্রহণ করবে না এবং এ কাজে কোনও ধরনের সহযোগিতাও করবে না। বরং তার কর্তব্য হলো এসব কাজের প্রতিবাদ করা এবং মানুষকে এ থেকে বিরত থাকার জন্য নসিহত করা।
প্রশ্ন-২: ফযীলাতুশ শাইখ, আল্লাহ আপনাকে তাওফিক দান করুন! যদি সে নিজে এগুলো তৈরিতে অংশগ্রহণ না করে বরং শুধু প্রদর্শনীতে সেগুলো বিক্রি করে তাহলে কি তার জন্য তা জায়েজ হবে?
উত্তর:
لَا، هَذِهِ مُسَاعَدَةٌ، إِذَا كَانَ يَبِيعُهَا لِمَنْ يَسْتَعْمِلُهَا فِي الْأَعْيَادِ الْبَاطِلَةِ فَهُوَ مُتَعَاوِنٌ مَعَهُمْ، وَلَا يُبَاعُ الشَّيْءُ عَلَى مَنْ يَسْتَعِينُ بِهِ عَلَى الْبَاطِلِ أَوْ يَسْتَعْمِلُهُ فِي مُحَرَّمٍ، هَذَا مِنْ مَوَانِعِ صِحَّةِ الْبَيْعِ.
“না, এটিও সহযোগিতার অন্তর্ভুক্ত। কারণ, সে যদি এমন ব্যক্তির কাছে এগুলো বিক্রি করে, যে এগুলো বাতিল উৎসব পালনের কাজে ব্যবহার করবে তাহলে সেও তাদের সঙ্গে সেই কাজে সহযোগিতা করছে। কোনও ব্যক্তির কাছে এমন জিনিস বিক্রি করা জায়েজ নয়, যা সে বাতিল কাজে সহযোগিতার জন্য বা কোনও হারাম কাজে ব্যবহার করবে। এটি (ফিকহি দৃষ্টিকোণ থেকে) বিক্রয় শুদ্ধ হওয়ার অন্তরায়গুলোর অন্তর্ভুক্ত।”
❑ কথিত ঈদে মিলাদুন্নবি বা নবীজির জন্মদিনের মিষ্টি খাওয়া এবং উৎসবে অংশগ্রহণের বিধান:
প্রশ্ন-৩: আমাদের দেশে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অনুষ্ঠান হয় এবং সেটার বিশেষ প্রতীক হিসেবে একধরনের মিষ্টি তৈরি করা হয়, যাকে তারা “মিলাদের মিষ্টি” বলে। এই সময়ে আমাদের কি সেই মিষ্টি খাওয়া জায়েজ হবে?
উত্তর:
لَا يَجُوزُ لَكُمْ أَنْ تُشَارِكُوا فِي الِاحْتِفَالِ وَلَوْ مَا فِي حَلْوَى، وَلَا يَجُوزُ لَكُمْ أَنْ تَأْكُلُوا مِنَ الطَّعَامِ الَّذِي يُصْنَعُ لَهُ أَوِ الْحَلْوَى، لِأَنَّ هَذَا تَشَبُّهٌ بِالنَّصَارَى فِي عِيدِ مَوْلِدِ الْمَسِيحِ الَّذِي أَحْدَثُوهُ وَزَعَمُوهُ، قَدْ بَرَّأَ اللَّهُ الْمَسِيحَ مِنْ هَذَا، فَلَا يَجُوزُ هَذَا وَيَجِبُ إِنْكَارُهُ وَيَجِبُ مَنْعُهُ وَبَيَانٌ لِلنَّاسِ أَنَّ هَذَا لَا يَجُوزُ وَأَنَّهُ مُبْتَدَعٌ وَأَنَّهُ تَشَبُّهٌ بِالنَّصَارَى إِلَى آخِرِهِ
“এই উৎসবে অংশ নেওয়া জায়েজ নয়, মিষ্টি থাক বা না থাক। এমনকি এই উপলক্ষে যেসব খাবার বা মিষ্টি বানানো হয়, সেগুলো থেকেও খাওয়া জায়েজ নেই। কারণ এটা খ্রিস্টানদের সেই উৎসবের সাথে মিলে যায়, যা তারা ইসা মাসিহের জন্মদিবস উপলক্ষে নিজেদের পক্ষ থেকে বানিয়ে নিয়েছে। অথচ আল্লাহ তাআলা ইসা মাসিহকে এসব থেকে সম্পূর্ণ মুক্ত রেখেছেন। তাই এটি কোনোভাবেই জায়েজ নয়। বরং এর প্রতিবাদ করা, তা বন্ধ করার চেষ্টা করা এবং মানুষকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া উচিত যে এটি জায়েজ নয়, এটি বিদআত এবং খ্রিস্টানদের অন্ধ অনুকরণ মাত্র।”
পরিশেষে, জীবিকা বা পেশাগত অজুহাতে কোনো বাতিল ও বিদআতি উৎসবের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করা জায়েজ নয়। মুমিনের দায়িত্ব হলো, সর্বাবস্থায় শরিয়তের সীমানার মধ্যে জীবন যাপন করা, সুন্নতের ওপর অবিচল থাকা এবং বিদআতি ও শরিয়ত বহির্ভূত কার্যক্রম থেকে সর্বাত্মক দূরে থাকা। আল্লাহ তওফিক দান করুন। আমিন।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
অনুবাদ ও গ্রন্থনায়: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।
দাঈ, জুবাইল দাওয়াহ অ্যাসোসিয়েশন, সৌদি আরব।