সহশিক্ষা বিদ্যালয়ে শিক্ষকতার বিধান
-আল্লামা শাইখ আব্দুল আজিজ বিন বায (রহ.) (সৌদি আরবের সাবেক প্রধান মুফতি)
প্রশ্ন: সুদানের উবাইয়াদ শহর থেকে হাসান আবদুল্লাহ আল-হাসান আমাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। তাতে তিনি লিখেছেন:
“আমি একজন শিক্ষক। কুরআন ও সুন্নাহ মেনে চলি এবং সালাফে সালিহিনের (আল্লাহ তাঁদের সবার ওপর সন্তুষ্ট হোন) আদর্শ আঁকড়ে ধরে আছি। আমি একটি সহশিক্ষা বিদ্যালয়ে কাজ করি, যেখানে পুরুষ ও নারী উভয় ধরনের শিক্ষকই রয়েছেন। তবে সংখ্যার দিক থেকে শিক্ষিকাদের উপস্থিতি বেশি। আমাদের অফিসকক্ষসহ অন্যান্য সব ব্যবস্থা আলাদা হওয়া সত্ত্বেও পড়াশোনা ও কাজের অগ্রগতি নিয়ে আলোচনার জন্য আমাদের প্রায়ই একসঙ্গে বৈঠকে বসতে হয়। পূর্ণ সতর্কতা বজায় রাখার পরও কি এতে কোনো অসুবিধা আছে?
পুরুষ সহকর্মীদের পাশাপাশি বেপর্দা নারী সহকর্মীদের সঙ্গে এ ধরনের বৈঠকে আমি কি অংশ নেব, নাকি বিরত থাকব?
দয়া করে বিষয়টি জানিয়ে আমাকে উপকৃত করুন, আল্লাহ আপনাদের কল্যাণ করুন।
উত্তর: এ ধরনের যৌথ বৈঠকে ভীষণ বিপদ লুকিয়ে আছে। কারণ বেপর্দা নারীদের সঙ্গে একত্রে বসা এক বড় ফিতনার উৎস। নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সহিহ হাদিসে বলেছেন,
مَا تَرَكْتُ بَعْدِي فِتْنَةً أَضَرَّ عَلَى الرِّجَالِ مِنَ النِّسَاءِ
“আমার পর পুরুষদের জন্য নারীদের চেয়ে অধিক ক্ষতিকর কোনো ফিতনা আমি রেখে যাইনি।” [সহিহ বুখারি ও সহিহ মুসলিম]
তাই আপনার প্রতি আমার পরামর্শ হলো, আপনি তাঁদের সঙ্গে থাকবেন না। পুরুষেরা থাকবেন আলাদা, নারীরা থাকবেন আলাদা। পুরুষ শিক্ষকেরা ছেলেদের পড়াবেন আর নারী শিক্ষিকারা মেয়েদের পড়াবেন।
বিদ্যালয় কর্তৃপক্ষের ওপর এটাই কর্তব্য। শিক্ষক হিসেবে আপনাদের দায়িত্বও তাই। আর শিক্ষিকাদের ওপরও একই দায়িত্ব বর্তায়, তাঁরা যেন আল্লাহকে ভয় করেন এবং পুরুষদের সংস্পর্শ এড়িয়ে চলেন। তাঁদের কাজ হবে একান্তই ছাত্রীদের নিয়ে আর আপনাদের কাজ হবে কেবল ছাত্রদের নিয়ে। নিতান্ত প্রয়োজন ছাড়া তাঁদের সঙ্গে কোনো বৈঠক হবে না। আর প্রয়োজন হলে, যেমন কোনো বিষয়ে তাঁদের কিছু জিজ্ঞাসা করা, প্রয়োজনীয় তথ্য জানানো কিংবা সদুপদেশ দেওয়া তা হতে হবে নারীদের কোনো প্রকার বেপর্দা হওয়া বা সৌন্দর্য প্রদর্শন ছাড়াই; বরং তাঁরা পরিপূর্ণ পর্দা ও হিজাব রক্ষা করে ফিতনার যাবতীয় মাধ্যম থেকে দূরে থাকবেন। কিন্তু তাঁরা শিক্ষিকা আর আপনারা শিক্ষক এই পরিচয়ে তাঁদের বেপর্দা ও সৌন্দর্য প্রদর্শন করা অবস্থায় একসঙ্গে সভা-বৈঠকে বসার অনিষ্ট অত্যন্ত ভয়াবহ। এর বিপদ অনেক বড় এবং এটি একটি প্রকাশ্য অন্যায়। অতএব এই অবস্থার পরিবর্তন করা অপরিহার্য। বিদ্যালয় কর্তৃপক্ষের উচিত, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা, আল্লাহকে ভয় করা এবং আল্লাহর নজরদারির কথা সর্বদা মনে রাখা।
তাঁদের দায়িত্ব হলো, ছাত্র ও ছাত্রীদের সম্পূর্ণ আলাদা করে দেওয়া, যাতে ছাত্রদের পাঠদান করেন পুরুষ শিক্ষকেরা এবং ছাত্রীদের পাঠদান করেন নারী শিক্ষিকারা। এটাই মুক্তির পথ, এটাই নিরাপত্তার পথ এবং এটি সবার ওপর আবশ্যক। কেননা মহান আল্লাহ বলেন,
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ
“আর তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো।” [সুরা মায়িদা: ২]
উপস্থাপক:
بَارَكَ اللَّهُ فِيكُمْ
“আল্লাহ আপনাকে বরকত দান করুন।”[binbaz org sa]
▬▬▬▬✿◈✿▬▬▬▬
অনুবাদক:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।
দাঈ, জুবাইল দাওয়াহ অ্যাসোসিয়েশন, সৌদি আরব।