খতনা উপলক্ষে মানুষকে দাওয়াত করে খাওয়ানোর বিধান

প্রশ্ন: মুসলমানির অনুষ্ঠান সম্পর্কে ইসলাম কী বলে? এ উপলক্ষে অনেক মানুষকে দাওয়াত করে খাওয়ানো কি ঠিক?
উত্তর: খতনা (আমাদের সমাজে যা ‘মুসলমানি’ নামে পরিচিত) ইসলামে একটি গুরুত্বপূর্ণ ফিতরাত বা স্বভাবজাত সুন্নত। অধিক বিশুদ্ধ মতে ছেলের খতনা করা সুন্নতে মুয়াক্কাদা। তবে খতনা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান করা বা অনেক মানুষকে দাওয়াত করে খাওয়ানো শরিয়তের নির্ধারিত কোনো সুন্নত বা আবশ্যকীয় ইবাদত নয়। তবুও কেউ যদি এটিকে দ্বীনের বাধ্যতামূলক অংশ বা সুন্নত মনে না করে, কেবল আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় ও সাধারণ মেহমানদারির নিয়তে আত্মীয়স্বজন বা পাড়াপ্রতিবেশীকে খাওয়ায়, তবে শরয়ি সীমারেখা মেনে তা করা জায়েজ।
❑ ইসলামের দৃষ্টিতে খতনা: সুন্নতে মুয়াক্কাদা:
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
«الْفِطْرَةُ خَمْسٌ – أَوْ خَمْسٌ مِنَ الْفِطْرَةِ -: الْخِتَانُ، وَالِاسْتِحْدَادُ، وَنَتْفُ الْإِبْطِ، وَتَقْلِيمُ الْأَظْفَارِ، وَقَصُّ الشَّارِبِ»
“ফিতরাত (স্বভাবজাত সুন্নত) হলো পাঁচটি: খতনা করা, নাভির নিচের লোম পরিষ্কার করা, বগলের লোম উপড়ানো, নখ কাটা এবং গোঁফ ছোট করা।” [সহিহ বুখারি: ৫৮৮৯; সহীহ মুসলিম: ২৫৭, মুত্তাফাকুন আলাইহি] তবে রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে খতনাকে কেন্দ্র করে আলাদা কোনো আনুষ্ঠানিক দাওয়াতের প্রচলন ছিল না।
হাসান বসরি (রহ.) থেকে বর্ণিত:
دُعِيَ عُثْمَانُ بْنُ أَبِي الْعَاصِ إِلَى خِتَانٍ، فَأَبَى أَنْ يُجِيبَ، فَقِيلَ لَهُ، فَقَالَ: «إِنَّا كُنَّا لَا نَأْتِي الْخِتَانَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا نُدْعَى لَهُ»
إسناده ضعيف، محمد بن إسحاق مدلس وقد عنعن، وسماع الحسن البصري من عثمان مختلف فيه،
“সাহাবি উসমান ইবনে আবিল আস (রা.)-কে একটি খতনার দাওয়াতে আহ্বান করা হলে তিনি যেতে অস্বীকৃতি জানান। এ বিষয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন: ‘রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে আমরা খতনার অনুষ্ঠানে যেতাম না এবং এর জন্য আমাদের দাওয়াতও করা হতো না।'” [মুসনাদে আহমাদ: ১৭৯০৮, অবশ্য এটি জইফ বা দুর্বল]
অন্যদিকে আনন্দ প্রকাশের জন্য পশু জবাই করে খাওয়ানোর একটি দৃষ্টান্ত সাহাবি আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে পাওয়া যায়। তাঁর ছেলে সালিম (রহ.) বর্ণনা করেন:
«خَتَنَنِي ابْنُ عُمَرَ أَنَا وَنُعَيْمًا، فَذَبَحَ عَلَيْنَا كَبْشًا، فَلَقَدْ رَأَيْتُنَا وَإِنَّا لَنَجْذَلُ بِهِ عَلَى الصِّبْيَانِ أَنْ ذَبَحَ عَنَّا كَبْشًا»
“আব্দুল্লাহ ইবনে উমর (রা.) আমার ও নুআইমের খতনা করালেন এবং আমাদের উপলক্ষে একটি ভেড়া জবাই করলেন। আমি নিজেদের দেখেছি, আমাদের জন্য ভেড়া জবাই করা হয়েছে, এই আনন্দে আমরা অন্য শিশুদের সামনে খুব আনন্দিত ও গর্বিত হতাম।” [আদাবুল মুফরাদ: ১২৪৬, সনদের বিচারে এটিও মওকুফ জইফ]
❑ ফকিহ ও আলিমদের মতামত:
ফিকহের পরিভাষায় খতনা উপলক্ষে আয়োজিত ভোজকে ‘ইজার’ (الإِعْذَارُ) বা ‘আজির’ (الْعَذِيرُ/الْعَذِيرَةُ) বলা হয়। চার মাজহাবের অধিকাংশ ফকিহ এবং সমকালীন প্রসিদ্ধ আলিমগণ এটিকে জায়েজ বলেছেন। তবে তাঁরা স্পষ্ট করে দিয়েছেন যে বিয়ের ওলিমার মতো এর আলাদা কোনো শরয়ি বিধান নেই এবং এই দাওয়াতে সাড়া দেওয়াও ওয়াজিব নয়।
✪ ইমাম ইবনে কুদামা (রহ.)-এর বক্তব্য:
এ বিষয়ে ইমাম ইবনে কুদামা (রহ.) চমৎকার ভারসাম্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বলেন:
«فَأَمَّا الدَّعْوَةُ فِي حَقِّ فَاعِلِهَا، فَلَيْسَتْ لَهَا فَضِيلَةٌ تَخْتَصُّ بِهَا؛ لِعَدَمِ وُرُودِ الشَّرْعِ بِهَا، وَلَكِنْ هِيَ بِمَنْزِلَةِ الدَّعْوَةِ لِغَيْرِ سَبَبٍ حَادِثٍ، فَإِذَا قَصَدَ فَاعِلُهَا شُكْرَ نِعْمَةِ اللَّهِ عَلَيْهِ، وَإِطْعَامَ إِخْوَانِهِ، وَبَذْلَ طَعَامِهِ، فَلَهُ أَجْرُ ذَلِكَ، إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى»
“যিনি খতনার দাওয়াতের আয়োজন করেন, তাঁর জন্য এই দাওয়াতের আলাদা কোনো বিশেষ ফজিলত নেই। কারণ শরিয়তে এর বিশেষ কোনো নির্দেশনা আসেনি। তবে এটি কোনো বিশেষ উপলক্ষ ছাড়া সাধারণ মেহমানদারির মতোই। তাই আয়োজক যদি এর মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়, ভাইদের খাওয়ানো এবং নিজের খাবার বিলিয়ে দেওয়ার নিয়ত করেন, তবে ইনশাআল্লাহ তিনি এর সওয়াব পাবেন।” [আল-মুগনি: ৭/২১৮-২১৯]
✪ সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ডের ফতোয়া:
ফতোয়া বোর্ডের বিজ্ঞ আলিমগণ বলেন:
«الْفَرَحُ بِالْخِتَانِ وَالسُّرُورُ بِهِ مَطْلُوبٌ شَرْعًا؛ لِأَنَّ الْخِتَانَ مِنَ الْأُمُورِ الْمَشْرُوعَةِ، وَقَدْ قَالَ اللَّهُ سُبْحَانَهُ: ﴿قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ﴾، وَالْخِتَانُ مِنْ فَضْلِ اللَّهِ سُبْحَانَهُ وَرَحْمَتِهِ، وَلَا حَرَجَ فِي صُنْعِ الطَّعَامِ بِهَذِهِ الْمُنَاسَبَةِ شُكْرًا لِلَّهِ عَلَى ذَلِكَ». انْتَهَى «فَتَاوَى اللَّجْنَةِ الدَّائِمَةِ» (5/142).
“খতনা উপলক্ষে আনন্দিত ও প্রফুল্ল হওয়া শরিয়তের দৃষ্টিতে কাম্য; কেননা খতনা শরিয়তসম্মত বিধানগুলোর অন্যতম। মহান আল্লাহ বলেছেন: ‘বলুন, আল্লাহর অনুগ্রহ ও তাঁর রহমতের কারণে এতেই যেন তারা আনন্দিত হয়; তারা যা সঞ্চয় করে, এটি তার চেয়ে উত্তম।’ [সুরা ইউনুস: ৫৮] আর খতনা মহান আল্লাহর অনুগ্রহ ও রহমতেরই অন্তর্ভুক্ত। সুতরাং এর ওপর আল্লাহর শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে এ উপলক্ষে খাবারের আয়োজন করতে কোনো অসুবিধা নেই।” [ফাতাওয়া লাজনা দাইমাহ: ৫/১৪২]
✪ সৌদি আরবের বর্তমান প্রধান মুফতি আল্লামা শাইখ সালেহ আল ফাওজান (হাফিযাহুল্লাহ) বলেন, “খতনা উপলক্ষে খাবারের আয়োজন করা এবং ভাই-বন্ধু ও প্রতিবেশীদের দাওয়াত দিয়ে একত্র হওয়া, কুশল বিনিময় ও পারস্পরিক পরিচিতি বাড়ানোতে কোনো দোষ নেই। কেননা এটি এমন একটি উপলক্ষ, যেখানে খাবার-দাবারের আয়োজন করা যায়। তবে বৈধভাবে একত্রিত হওয়া আর উৎসবের নামে শরিয়তবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। অনুষ্ঠানে যদি কোনো গর্হিত কাজ বা মন্দ প্রথা যুক্ত হয় তবে তা হারাম হয়ে যাবে। তাই উৎসবের নামে বাড়াবাড়ি করা যেমন: ঢোল-তবলা বাজানো কিংবা এর চেয়েও গুরুতর বিষয় যেমন গান-বাজনা করা এবং একইভাবে উচ্চৈঃস্বরে আনন্দধ্বনি দেওয়া—এর কোনোটিই শোভনীয় নয় এবং জায়েজও নয়। বরং কেবল শালীন ভোজ ও বৈধভাবে একত্রিত হওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত।”[ইউটিউব চ্যানেল: العلامة الدكتور صالح الفوزان]
❑ অনেক মানুষকে দাওয়াত করে খাওয়ানো কখন ঠিক নয়?
মূল আয়োজনটি জায়েজ হলেও আমাদের সমাজে মুসলমানির অনুষ্ঠানকে কেন্দ্র করে বেশ কিছু আপত্তিকর প্রথা ঢুকে পড়েছে। এগুলো থাকলে এমন আয়োজন আর বৈধ থাকে না।
✪ ১. দ্বীনের বাধ্যতামূলক অংশ মনে করা: ‘খতনার দাওয়াত করা সুন্নত, না করলে গুনাহ হবে’-এমন বিশ্বাস লালন করা বিদআত।
সুতরাং যার ইচ্ছা করবে, যার ইচ্ছা করবে না। খতনা উপলক্ষে দাওয়াত বা ভোজ অনুষ্ঠান না করার কারণে কাউকে তিরস্কার করা বা সমালোচনা করা শরিয়ত সম্মত নয়।
✪ ২. লোকদেখানো ও সাধ্যের বাইরে আয়োজন: সামাজিক মানসম্মান বাঁচাতে বা মানুষকে দেখানোর জন্য সাধ্যের বাইরে গিয়ে বিশাল আয়োজন করা, কিংবা এর জন্য ঋণগ্রস্ত হওয়া জায়েজ নয় যা তার জন্য পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। অনুরূপভাবে বিশাল আয়োজন করে শেষ পর্যন্ত অপচয় করাও হারাম।
✪ ৩. শরয়ি নিষিদ্ধ কাজের অনুপ্রবেশ: অনুষ্ঠানে গানবাজনা, বাদ্যযন্ত্র, নারী-পুরুষের অবাধ মেলামেশা বা বেপর্দার পরিবেশ থাকলে তা সরাসরি গুনাহের কারণ হয়ে দাঁড়ায়।
✪ ৪. উপহার বা টাকার প্রত্যাশা: দাওয়াত দিয়ে অতিথিদের কাছ থেকে টাকা বা উপহার নেওয়ার প্রচ্ছন্ন চাপ তৈরি করা (যা অনেক ক্ষেত্রে সামাজিক লেনদেনে পরিণত হয়) ইসলামের নিঃস্বার্থ মেহমানদারির আদর্শের পরিপন্থী।
✪ ৫. শুধু ধনীদের দাওয়াত দেওয়া: গরিব-মিসকিনদের বাদ দিয়ে কেবল বিত্তশালী ও প্রভাবশালীদের নিয়ে জাঁকজমকপূর্ণ ভোজের আয়োজন করা শরিয়তের দৃষ্টিতে নিন্দনীয়।
আবু হুরাইরাহ রা. বলেন,
شَرُّ الطَّعَامِ طَعَامُ الوَلِيمَةِ ، يُدْعَى لَهَا الأَغْنِيَاءُ وَيُتْرَكُ الفُقَرَاءُ
“নিকৃষ্টতম খাবার হলো ওই ওলিমার খাবার, যাতে ধনীদের দাওয়াত দেওয়া হয় এবং গরিবদের বাদ দেওয়া হয়।” [সহিহ বুখারি: ৫১৭৭; ইমাম বুখারি এটিকে আবু হুরাইরাহ (রা.) পর্যন্ত মাওকুফ (তাঁর নিজস্ব উক্তি) হিসেবে বর্ণনা করেছেন] যদিও এ হাদিসটি বিয়ের ওলিমার সাথে সম্পৃক্ত। তবে এখান থেকে সামাজিক অনুষ্ঠানে গরিবদেরকে উপেক্ষা করার ব্যাপারটা নিন্দনীয় বলে প্রমাণিত হয়।
মোটকথা, সামর্থ্য থাকলে কোনো আড়ম্বর, অপচয় বা হারাম আয়োজন ছাড়া ঘরোয়াভাবে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব-মিসকিনদের খাওয়ানো জায়েজ। আর সন্তানের আকিকা আগে আদায় না হয়ে থাকলে খতনার সময়ই আকিকার পশু জবাই করে মানুষকে খাওয়ানো আরও উত্তম। এতে সুন্নতও আদায় হবে এবং সবাইকে নিয়ে আনন্দ ভাগ করে নেওয়াও হয়ে যাবে। আল্লাহু আলাম-আল্লাহই সবচেয়ে ভালো জানেন।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।
দাঈ, জুবাইল দাওয়াহ অ্যাসোসিয়েশন, সৌদি আরব।
Share: