প্রশ্ন: কোনো ব্যক্তি মৃত বাবার জন্য সাধারণ সদকা করার পাশাপাশি তার স্ত্রী-পরিবারের পেছনে মাসে ১০,০০০ টাকা খরচ করেন। এই খরচকে বাবার পক্ষ থেকে সদকা হিসেবে নিয়ত করা কি জায়েজ? বাবা কি এর সওয়াব পাবেন?
উত্তর: মৃত মা-বাবা কিংবা অন্য যেকোনো মুসলিম ব্যক্তির পক্ষ থেকে দান-সদকা করা শরিয়তসম্মত। এর মাধ্যমে কবরে অবস্থানরত ব্যক্তি উপকৃত হন। এ বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, “আমার বাবা মারা গেছেন। তিনি সম্পদ রেখে গেছেন, কিন্তু কোনো অসিয়ত করেননি। আমি তাঁর পক্ষ থেকে সদকা করলে কি তা তাঁর গুনাহের কাফফারা হবে?” নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, “হ্যাঁ।”
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أَبِي مَاتَ وَتَرَكَ مَالًا وَلَمْ يُوصِ، فَهَلْ يُكَفِّرُ عَنْهُ أَنْ أَتَصَدَّقَ عَنْهُ؟ قَالَ: «نَعَمْ».
[সহিহ মুসলিম হাদিস নং ১৬৩০]
আরেকটি হাদিসে এসেছে, এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বললেন, “আমার মা হঠাৎ মারা গেছেন। আমার ধারণা, কথা বলার সুযোগ পেলে তিনি সদকা করতেন। আমি তাঁর পক্ষ থেকে সদকা করলে কি তিনি সওয়াব পাবেন?”
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, “হ্যাঁ।”
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أُمِّي افْتُلِتَتْ نَفْسُهَا، وَأَظُنُّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ، فَهَلْ لَهَا أَجْرٌ إِنْ تَصَدَّقْتُ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ».
[সহিহ বুখারি, হাদিস নং ১৩৮৮; সহিহ মুসলিম, হাদিস নং ১০০৪]
অন্যদিকে, স্ত্রী, সন্তান ও পরিবারের জন্য খরচ করা সওয়াবের আশায় করলে তা সদকা হিসেবে গণ্য হওয়ার বিষয়টিও হাদিসে বর্ণিত হয়েছে।
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “কেউ সওয়াবের আশায় পরিবারের পেছনে খরচ করলে তা তার জন্য সদকা হয়।”
عَنْ أَبِي مَسْعُودٍ الْبَدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَنْفَقَ الرَّجُلُ عَلَى أَهْلِهِ يَحْتَسِبُهَا فَهُوَ لَهُ صَدَقَةٌ».
[সহিহ বুখারি, হাদিস নং ৫৫; সহিহ মুসলিম, হাদিস নং ১০০২]
মৃত মা-বাবার পক্ষ থেকে সন্তানের নফল দান-সদকার সওয়াব পৌঁছানোর বিষয়ে আলেমদের মাঝে কোনো দ্বিমত নেই। তবে ফরজ দানের সওয়াব পৌঁছে কি না (যেমন: ফরজ জাকাত, ফিতরা, সম্পদের মানত ইত্যাদি)।
অনেক আলেমের মতে, মৃত ব্যক্তির পক্ষ থেকে সাধারণ নফল দান-সদকার সওয়াব পৌঁছে; কিন্তু ফরজ বিষয়ের সওয়াব পৌঁছে না। কারণ জাকাত এবং অন্যান্য অত্যাবশ্যকীয় খরচ প্রত্যেক ব্যক্তির নিজের পক্ষ থেকেই আদায় করা আবশ্যক। আবার অন্য কোনো কোনো আলেমের মতে, ফরজ ও নফল উভয় ধরনের দানই মৃত ব্যক্তির উদ্দেশ্যে করা যেতে পারে।
এই মতভেদের ভিত্তিতে আমরা বলব, একজন ব্যক্তির ওপর তার স্ত্রী, সন্তান-সন্ততি ও পরিবারের প্রয়োজনে অর্থ খরচ করা ফরজ দায়িত্ব। সুতরাং পারিবারিক এই খরচকে মৃত বাবার পক্ষ থেকে সদকা হিসেবে নিয়ত করা সঠিক নয়। পরিবারের খরচ নিজের ফরজ দায়িত্ব হিসেবেই করা উচিত। আর মৃত বাবার জন্য আলাদাভাবে নফল দান-সদকা করা উচিত। তাহলে ইনশাআল্লাহ আপনার বাবা বা মা সেই সদকার সওয়াবের মাধ্যমে উপকৃত হবেন। আল্লাহু আলাম।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার। সৌদি আরব।
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার। সৌদি আরব।