প্রশ্ন: জিকির, তসবিহ-তাহলিল করতে কি পাক-পবিত্র থাকা জরুরি?
উত্তর: ওজু ছাড়াও জিকির, তসবিহ ও তাহলিল করা জায়েজ। তবে ওজু অবস্থায় করা উত্তম ও মুস্তাহাব। ওজু থাকা ফরজ বা শর্ত নয়।
✪ আল্লাহ তায়ালা বলেন:
الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىٰ جُنُوبِهِمْ
“যারা দাঁড়িয়ে, বসে ও শুয়ে আল্লাহকে স্মরণ করে।” [সুরা আলে ইমরান: ১৯১]
এখানে জিকিরের জন্য কোনো অবস্থা বা পবিত্রতার শর্ত দেওয়া হয়নি।
✪ আয়েশা (রা.) বলেন:
كَانَ رَسُولُ اللَّهِ ﷺ يَذْكُرُ اللَّهَ عَلَىٰ كُلِّ أَحْيَانِهِ
“রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সব অবস্থায় আল্লাহর জিকির করতেন।” [সহিহ মুসলিম: ৩৭৩]
উত্তম হলো ওজু অবস্থায় করা।
✪ মুহাজির ইবনে কুনফুজ (রা.) সালাম দিলে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ওজু করে নিয়ে উত্তর দেন এবং বলেন:
إِنِّي كَرِهْتُ أَنْ أَذْكُرَ اللَّهَ عَزَّ وَجَلَّ إِلَّا عَلَى طُهْرٍ
“আমি পবিত্র অবস্থা ছাড়া মহান আল্লাহর নাম নেওয়াকে অপছন্দ করেছি।” [সুনানে আবু দাউদ, হাদিস ১৭, সহিহ]
আলেমগণ এ হাদিস থেকে বুঝেছেন যে ওজু অবস্থায় জিকির করা উত্তম। আর আয়েশা (রা.)-এর হাদিস থেকে বুঝেছেন যে ওজু ছাড়া জিকির জায়েজ। উভয় হাদিসের সমন্বয়ে এটিই প্রসিদ্ধ অভিমত।
❖ কয়েকটি জরুরি জ্ঞাতব্য বিষয়:
◆ টয়লেট বা গোসলখানায় প্রস্রাব-পায়খানার অবস্থায় মুখে জিকির করা উচিত নয়। মনে মনে করতে সমস্যা নেই।
◆ জুনুবি অবস্থায়ও (গোসল ফরজ থাকলে) জিকির, তসবিহ ও তাহলিল জায়েজ।
◆ কুরআন তিলাওয়াত আলাদা বিষয়। মুসহাফ (কিতাব আকারে লিখিত কুরআন) স্পর্শ করতে অধিকাংশ আলেমের মতে ওজু করা জরুরি। তবে মোবাইল ডিভাইস বা নেট থেকে পড়ার জন্য ওজু থাকা জরুরি নয়। কিন্তু জুনুবি বা বড় নাপাকি অবস্থায় ডিভাইস থেকেও পড়া জায়েজ নাই।
◆ মুখস্থ কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে ওজু ছাড়া জায়েজ হওয়ার মতটিই প্রসিদ্ধ।
❑ ইসলাম ওয়েবে বলা হয়েছে:
ذِكْرُ اللهِ تَعَالَى مِنْ دُعَاءٍ وَاسْتِغْفَارٍ وَنَحْوِ ذَلِكَ لَا تُشْتَرَطُ لَهُ الطَّهَارَةُ، بَلْ إِذَا صَدَرَ مِنَ الشَّخْصِ الْمُحْدِثِ كُتِبَ لَهُ ثَوَابُ ذَلِكَ إِنْ شَاءَ اللهُ تَعَالَى. فَفِي الصَّحِيحَيْنِ وَغَيْرِهِمَا عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ اللهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ. لَكِنْ إِذَا كَانَ الْمُسْلِمُ مُتَوَضِّئًا فَثَوَابُ الذِّكْرِ فِي حَقِّهِ أَعْظَمُ مِنْ ثَوَابِهِ فِي حَالَةِ الْحَدَثِ، لِكَوْنِ الذِّكْرِ حَالَةَ الْوُضُوءِ أَفْضَلَ مِنْهُ فِي غَيْرِهَا. يَدُلُّ عَلَى أَفْضَلِيَّةِ الذِّكْرِ فِي حَالِ الطَّهَارَةِ كَرَاهَتُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِذِكْرِ اللهِ فِي غَيْرِ حَالِ الطَّهَارَةِ. فَفِي مُسْنَدِ الْإِمَامِ أَحْمَدَ عَنِ الْمُهَاجِرِ بْنِ قُنْفُذٍ أَنَّهُ سَلَّمَ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَتَوَضَّأُ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ حَتَّى تَوَضَّأَ فَرَدَّ عَلَيْهِ، وَقَالَ: إِنَّهُ لَمْ يَمْنَعْنِي أَنْ أَرُدَّ عَلَيْكَ إِلَّا أَنِّي كَرِهْتُ أَنْ أَذْكُرَ اللهَ إِلَّا عَلَى طَهَارَةٍ. وَالْخُلَاصَةُ أَنَّ الْمُحْدِثَ يَحْصُلُ عَلَى ثَوَابِ ذِكْرِ اللهِ تَعَالَى إِلَّا أَنَّ الثَّوَابَ يَعْظُمُ فِي حَالَةِ كَوْنِ الشَّخْصِ عَلَى طَهَارَةٍ. وَاللهُ أَعْلَمُ.
“দোয়া, ইস্তিগফার ও এ জাতীয় আল্লাহ তায়ালার জিকিরের জন্য পবিত্রতা শর্ত নয় বরং ওজুবিহীন ব্যক্তি থেকে এগুলো সংঘটিত হলেও ইনশাআল্লাহ সে এর সওয়াব পাবে।
সহিহাইন ও অন্যান্য গ্রন্থে আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন:”
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ اللهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ
“নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সব অবস্থায় আল্লাহর জিকির করতেন।” [সহিহ মুসলিম, হাদিস ৩৭৩]
তবে মুসলিম ব্যক্তি ওজু অবস্থায় থাকলে তার জিকিরের সওয়াব ওজুহীন অবস্থার সওয়াবের চেয়ে বেশি হয়; কারণ ওজু অবস্থার জিকির অন্য অবস্থার জিকিরের চেয়ে উত্তম। পবিত্র অবস্থায় জিকির করা যে উত্তম, তার প্রমাণ হলো নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর অপবিত্র অবস্থায় আল্লাহর জিকির করা অপছন্দ করা। মুসনাদে আহমাদে মুহাজির ইবনে কুনফুজ (রা.) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে সালাম দিলেন, তখন তিনি ওজু করছিলেন। ওজু শেষ না করা পর্যন্ত তিনি উত্তর দিলেন না। ওজু করার পর উত্তর দিলেন এবং বললেন:
إِنَّهُ لَمْ يَمْنَعْنِي أَنْ أَرُدَّ عَلَيْكَ إِلَّا أَنِّي كَرِهْتُ أَنْ أَذْكُرَ اللهَ إِلَّا عَلَى طَهَارَةٍ
“তোমার সালামের উত্তর দিতে আমাকে কেবল এটিই বাধা দিয়েছে যে, পবিত্র অবস্থা ছাড়া আল্লাহর জিকির করাকে আমি অপছন্দ করেছি।” [মুসনাদে আহমাদ; সুনানে আবু দাউদ, হাদিস ১৭, সহিহ]
সারকথা হলো, ওজুহীন ব্যক্তিও আল্লাহ তায়ালার জিকিরের সওয়াব পায়। তবে পবিত্র অবস্থায় থাকলে সওয়াব আরও বেশি হয়। আর আল্লাহই সবচেয়ে ভালো জানেন।”
▬▬▬▬✿◈✿▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার। সৌদি আরব।
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার। সৌদি আরব।