প্রশ্ন: হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্ট হাউস ইত্যাদি ব্যবসা করার বিধান কী? দয়া করে জানিয়ে বাধিত করবেন।
উত্তর: বর্তমান সময়ে কর্মব্যস্ত জীবনে মানুষ পরিবার ও বন্ধু-বান্ধব নিয়ে কিছুটা সময় অবকাশ যাপন, বিনোদন ও মানসিক প্রশান্তির জন্য বিভিন্ন রিসোর্টে ছুটে যায়। সরকারি কর্মকর্তা বা বিশেষ অতিথিদের সাময়িক অবস্থানের জন্য রেস্ট হাউজ, হাইওয়ে বা মহাসড়কের পাশে যাত্রীদের সাময়িক বিশ্রামের জন্য মোটেল, শহরে দূর থেকে আগত লোকজনের থাকার জন্য বা বিভিন্ন ধরণের সামাজিক অনুষ্ঠানের জন্য হোটেল ইত্যাদি ব্যবসা ব্যাপক জনপ্রিয়। এইসব ব্যবসা মৌলিকভাবে জায়েজ বা বৈধ। কেননা ইসলাম ব্যবসাকে হালাল করেছে।
মহান আল্লাহ বলেন,
وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
“আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।” [সূরা বাকার: ২৭৫]
তবে অন্যান্য ব্যবসার মতই তা অবশ্যই ইসলামসম্মত নীতি ও শর্তাবলী মেনে পরিচালনা করতে হবে। যদি এই ব্যবসায় হালাল পন্থায় সেবা দেওয়া হয় এবং হারাম কাজ বর্জন করা হয় তবে তা সম্পূর্ণ হালাল হিসেবে গণ্য হবে; অন্যথায় নয়।
নিম্নে এসব ব্যবসার ক্ষেত্রে ইসলামি শরিয়তের শর্তাবলী উল্লেখ করা হলো:
১. দেশের প্রচলিত আইন অনুযায়ী হোটেল-মোটেল, রিসোর্ট ইত্যাদি নিবন্ধন করা আবশ্যক। নিবন্ধন ছাড়া এইসব ব্যবসা করা অবৈধ এবং আইনত দণ্ডনীয়।
২. ব্যবসার মূলধন বা লেনদেনে কোনো প্রকার সুদী কারবার থাকা যাবে না।
৩. রিসোর্টে ধূমপান, মদপান, জুয়া, ডিজে পার্টি, গান-বাজনা বা কোনো অনৈসলামিক অনুষ্ঠান ও অশ্লীল কার্যক্রমের সুযোগ রাখা যাবে না।
৪. আগত অতিথিদের ক্ষেত্রে শালীনতা ও পর্দার পরিবেশ বজায় রাখতে সচেষ্ট থাকা এবং অবৈধ মেলামেশা এবং উশৃংখল কার্যক্রম রোধে সতর্ক থাকা অপরিহার্য।
৫. রিসোর্টের ভেতরে কোনো রেস্তোরাঁ থাকলে সেখানে শুধু হালাল খাবার-পানীয় পরিবেশন করতে হবে। কোন ধরনের হারাম খাদ্য পানি ও পরিবেশন করা যাবে না।
আমাদের দেশের বিদ্যমান বাস্তবতা এবং বর্তমান প্রেক্ষাপটে বলা যায়, এই ব্যবসায় শরিয়তের সীমারেখা এবং উপরোক্ত শর্তাবলী মেনে চলা অত্যন্ত কঠিন। এসব অবকাশ যাপন ও বিনোদন কেন্দ্রে যদি নারীদের বেপর্দা চলাফেরা, নারী-পুরুষের অবাধ মেলামেশা, ডিজে পার্টি, অশ্লীলতা-বেহায়াপনা, গান-বাজনা, ধুমপান ইত্যাদি শরিয়ত বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার শর্ত আরোপ করা হয় তাহলে এই ব্যবসা চালানো প্রায় অসম্ভব। তাই শরঈ দৃষ্টিকোণ থেকে বর্তমান সময়ে আমাদের দেশে এটি নিরাপদ ব্যবসা নয়। কারণ বাস্তবে এখানে শরিয়ত লঙ্ঘিত প্রবল আশঙ্কা রয়েছে। তবে শরিয়তের সকল শর্তাবলী ঠিক রেখে ব্যবসা করা গেলে তাতে কোন আপত্তি নেই। বিশেষ করে এই ধরনের ব্যবসার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অপরিহার্য। মহান আল্লাহ আমাদেরকে হালাল পন্থায় ব্যবসা করার তৌফিক দান করুন এবং সব ধরনের হারাম ব্যবসা ও হারাম উপার্জন থেকে হেফাজত করুন। আমিন।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।
দাঈ, জুবাইল দাওয়াহ অ্যাসোসিয়েশন, সৌদি আরব।