সাইলেন্ট ডিভোর্স নীরবতার আড়ালে অশ্রুসিক্ত জীবনের নাম

প্রশ্ন: সাইলেন্ট ডিভোর্স (Silent Divorce) কী? এটি কি সঠিক? ইসলামের দৃষ্টিতে এ বিষয়ে আলোচনা করুন।
উত্তর:
✪ সাইলেন্ট ডিভোর্স কী?
সাইলেন্ট ডিভোর্স বা নীরব বিচ্ছেদ কোনো আইনি বা আনুষ্ঠানিক তালাক নয়। এটি এমন একটি মানসিক ও দাম্পত্য অবস্থা, যেখানে স্বামী-স্ত্রী আইনগতভাবে বিবাহবন্ধনে থাকেন এবং একই ছাদের নিচে বসবাস করেন। কিন্তু তাদের মধ্যকার ভালোবাসা, আবেগ, আন্তরিক যোগাযোগ ও শারীরিক ঘনিষ্ঠতা প্রায় নিঃশেষ হয়ে যায়। বাইরে থেকে সংসার স্বাভাবিক মনে হলেও ভেতরে তারা কেবল দুজন ‘রুমমেট’-এর মতো জীবনযাপন করেন। সন্তানের ভবিষ্যৎ, আর্থিক নিরাপত্তা কিংবা সমাজের লোকলজ্জার ভয়ে অনেক দম্পতি আইনি বিচ্ছেদে না গিয়ে এভাবেই সম্পর্ক টেনে নিয়ে যান। এ যেন নীরবতার আড়ালে এক অশ্রুসিক্ত জীবনের নাম। এর সাধারণ লক্ষণগুলো হলো:
◈ সম্পর্কের ভেতর থেকে ভালোবাসা ও উষ্ণতা হারিয়ে যাওয়া। বাজারসদাই, মাসিক বিল কিংবা সন্তানের পড়াশোনার মতো সাংসারিক প্রয়োজন ছাড়া নিজেদের মধ্যে আর কোনো গল্প বা অনুভূতির আদান-প্রদান না থাকা।
◈ একে অপরের সুখ-দুঃখ, অসুস্থতা কিংবা মনের অবস্থার খোঁজখবর নেওয়ার তাগিদ পুরোপুরি ফুরিয়ে যাওয়া।
◈ একই ছাদের নিচে বসবাস করেও দুজনের অবসর সময়, বন্ধুমহল এবং প্রতিদিনের রুটিন সম্পূর্ণ ভিন্ন হয়ে যাওয়া।
◈ সম্পর্কের ওপর থেকে সব অভিযোগ উঠে যাওয়া। রাগ, অভিমান কিংবা ঝগড়ার বদলে দুজনের মাঝে একধরনের শীতল উদাসীনতা জেঁকে বসা।
✪ এ অবস্থা কতটা সঠিক?
সুস্থ দাম্পত্য জীবন এবং মানসিক স্বাস্থ্যের বিচারে এ ধরনের পরিস্থিতি মোটেও কাম্য নয়। একটি সম্পর্কের ভেতরে থেকেও চরম একাকিত্ব বয়ে বেড়ানো মানুষের মনে গভীর অবসাদ, উদ্বেগ ও আত্মবিশ্বাসহীনতা তৈরি করে। এর নেতিবাচক প্রভাব পড়ে সন্তানদের ওপরও। বাবা-মায়ের মধ্যকার এই শীতল ও প্রাণহীন সম্পর্ক তারা সহজেই আঁচ করতে পারে, যা সুস্থ পারিবারিক বন্ধন সম্পর্কে তাদের স্বাভাবিক ধারণাকে ক্ষতিগ্রস্ত করে। পাশাপাশি, সমস্যাগুলো নিয়ে খোলামেলা আলোচনা না করার ফলে ভেতরে ভেতরে একধরনের অমীমাংসিত ক্ষোভ ও তিক্ততা জমতে থাকে, যা সম্পর্ককে আরও জটিল করে তোলে।
✪ ইসলামের দৃষ্টিতে ‘সাইলেন্ট ডিভোর্স’:
ইসলামে ‘সাইলেন্ট ডিভোর্স’ নামে কোনো পরিভাষা নেই। কারণ, শরিয়তের বিধানে তালাক উচ্চারণ বা লিখিতভাবে প্রকাশ না করলে বিবাহবিচ্ছেদ কার্যকর হয় না। অর্থাৎ এই অবস্থায় বিবাহবন্ধন বহাল থাকে এবং স্বামী-স্ত্রীর পারস্পরিক সব হকও বহাল থাকে। তবে এই অবস্থার বৈশিষ্ট্যগুলো ইসলামের মূল চেতনার সাথে সাংঘর্ষিক। নিচে কয়েকটি দিক আলোচনা করা হলো:
১. বিবাহের মূল উদ্দেশ্যের পরিপন্থী:
আল্লাহ তাআলা বলেন,
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ
“আর তাঁর নিদর্শনাবলির মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।” [সুরা রুম: ২১]
বিবাহের অন্যতম উদ্দেশ্য সাকিনা (প্রশান্তি), মাওয়াদ্দাহ (ভালোবাসা) ও রহমত (দয়া)।
সাইলেন্ট ডিভোর্সে এই তিনটির কোনোটিই অবশিষ্ট থাকে না। ফলে বিবাহের প্রাণই হারিয়ে যায়, কেবল কাঠামোটুকু টিকে থাকে।
২. স্ত্রীকে ঝুলিয়ে রাখা জুলুম:
আল্লাহ তাআলা বলেন,
فَلَا تَمِيلُوا كُلَّ الْمَيْلِ فَتَذَرُوهَا كَالْمُعَلَّقَةِ
“সুতরাং তোমরা সম্পূর্ণরূপে একদিকে ঝুঁকে পড়ো না, যাতে অপরজনকে ঝুলন্ত অবস্থায় ফেলে রাখো।” [সুরা নিসা: ১২৯]
আয়াতটির প্রেক্ষাপট একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ। তবে এখান থেকে মূলনীতি পাওয়া যায় যে, কোনো স্ত্রীকে এমনভাবে ফেলে রাখা যাবে না, যেন সে না পূর্ণ স্ত্রীর হক পাচ্ছে, না মুক্ত। কষ্ট দেওয়ার উদ্দেশ্যে স্ত্রীর সাথে কথা ও দাম্পত্য সম্পর্ক বন্ধ রাখা জুলুম ও কবিরা গুনাহের অন্তর্ভুক্ত।
একটি বিষয় স্পষ্ট করা দরকার। ইসলামি পরিভাষায় ‘ঈলা’ বলা হয় স্ত্রীর কাছে না যাওয়ার শপথ করাকে, যার সময়সীমা আল্লাহ চার মাস নির্ধারণ করেছেন:
لِّلَّذِينَ يُؤْلُونَ مِن نِّسَائِهِمْ تَرَبُّصُ أَرْبَعَةِ أَشْهُرٍ
“যারা নিজেদের স্ত্রীদের কাছে না যাওয়ার শপথ করে, তাদের জন্য চার মাস অপেক্ষার সময়।” [সুরা বাকারা: ২২৬]
শপথ ছাড়া অবহেলায় দূরে থাকা সরাসরি ঈলার সংজ্ঞায় না পড়লেও জুলুম ও হক নষ্ট করার বিধান থেকে তা মুক্ত নয়।
৩. পারস্পরিক হক নষ্ট করা:
আল্লাহ তাআলা বলেন,
هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ
“তারা তোমাদের জন্য পোশাকস্বরূপ এবং তোমরা তাদের জন্য পোশাকস্বরূপ।” [সুরা বাকারা: ১৮৭]
তিনি আরও বলেন,
وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوف
“আর তোমরা তাদের সাথে সদ্ভাবে জীবনযাপন করো।” [সুরা নিসা: ১৯]
পোশাক যেমন শরীরের সবচেয়ে কাছের, তেমনই স্বামী-স্ত্রী পরস্পরের কাছের, আবরণ ও সৌন্দর্যের কারণ।
আর ‘মারুফ’ তথা উত্তম আচরণের মধ্যে কথাবার্তা, সহমর্মিতা ও আন্তরিকতা অন্তর্ভুক্ত।
নীরব বিচ্ছেদে এই হকগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
«خَيْرُكُمْ خَيْرُكُمْ لِأَهْلِهِ، وَأَنَا خَيْرُكُمْ لِأَهْلِي»
“তোমাদের মধ্যে সেই সর্বোত্তম, যে তার পরিবারের কাছে সর্বোত্তম। আর আমি আমার পরিবারের কাছে তোমাদের মধ্যে সর্বোত্তম।” [সুনানুত তিরমিযি: ৩৮৯৫, সহিহ]
৪. দীর্ঘ সম্পর্কচ্ছেদের নিষেধাজ্ঞা:
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন,
«لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يَهْجُرَ أَخَاهُ فَوْقَ ثَلَاثِ لَيَالٍ، يَلْتَقِيَانِ فَيُعْرِضُ هَذَا وَيُعْرِضُ هَذَا، وَخَيْرُهُمَا الَّذِي يَبْدَأُ بِالسَّلَامِ»
“কোনো মুসলিমের জন্য তার ভাইকে তিন রাতের বেশি পরিত্যাগ করা বৈধ নয়; তারা মুখোমুখি হলে একজন এদিকে, অন্যজন ওদিকে মুখ ফিরিয়ে নেয়। আর তাদের মধ্যে উত্তম সে, যে আগে সালাম দেয়।” [সহিহ বুখারি: ৬০৭৭; সহিহ মুসলিম: ২৫৬০, মুত্তাফাকুন আলাইহি]
এখানে একটি সূক্ষ্ম পার্থক্য মনে রাখা জরুরি। হাদিসটি দুনিয়াবি মনোমালিন্যজনিত সম্পর্কচ্ছেদ সম্পর্কে। স্ত্রীর অবাধ্যতার ক্ষেত্রে সংশোধনের উদ্দেশ্যে সাময়িক দূরত্বের অবকাশ কুরআনে রয়েছে। কিন্তু সেটি সংশোধনের একটি ধাপ; স্থায়ী অবস্থা নয়। কষ্ট দেওয়া বা অবহেলার কারণে মাসের পর মাস, বছরের পর বছর নীরবতা কোনোভাবেই ইসলামসম্মত নয়।
❑ ইসলামে এর সমাধান কী?
ইসলাম সম্পর্ককে এভাবে প্রাণহীন অবস্থায় ঝুলিয়ে না রেখে দুটি স্পষ্ট পথ দেখায়:
১. আপস ও মীমাংসা:
দূরত্ব তৈরি হলে প্রথমে স্বামী-স্ত্রী নিজেরা খোলামেলা আলোচনা করে ভুল বোঝাবুঝি দূর করবেন।
আল্লাহ তাআলা বলেন,
وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِن بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يُصْلِحَا بَيْنَهُمَا صُلْحًا ۚ وَالصُّلْحُ خَيْرٌ
“আর কোনো নারী যদি তার স্বামীর পক্ষ থেকে দুর্ব্যবহার বা উপেক্ষার আশঙ্কা করে, তবে তারা উভয়ে নিজেদের মধ্যে সন্ধি করলে কোনো দোষ নেই। আর সন্ধিই উত্তম।” [সুরা নিসা: ১২৮]
নিজেরা ব্যর্থ হলে উভয় পরিবারের বিশ্বস্ত ব্যক্তিদের মধ্যস্থতা নিতে হবে:
وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِّنْ أَهْلِهِ وَحَكَمًا مِّنْ أَهْلِهَا إِن يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا ۗ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا
“আর যদি তাদের উভয়ের মধ্যে বিচ্ছেদের আশঙ্কা করো, তবে স্বামীর পরিবার থেকে একজন এবং স্ত্রীর পরিবার থেকে একজন সালিস পাঠাও। তারা উভয়ে মীমাংসা চাইলে আল্লাহ তাদের মধ্যে সমঝোতা সৃষ্টি করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্বজ্ঞাত।” [সুরা নিসা: ৩৫]
২. সম্মানজনক বিচ্ছেদ:
সব চেষ্টার পরও যদি সম্পর্ক জোড়া লাগানো অসম্ভব হয় এবং একসাথে থাকা উভয়ের দ্বীন ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তবে নীরবে তিলে তিলে নিঃশেষ হওয়ার চেয়ে শরিয়তসম্মত পদ্ধতিতে তালাক বা খুলা গ্রহণ করাই উত্তম।
আল্লাহ তাআলা বলেন,
فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ
“অতঃপর হয় নিয়মমাফিক রেখে দেওয়া, নতুবা সদয়ভাবে ছেড়ে দেওয়া।” [সুরা বাকারা: ২২৯]
অর্থাৎ বিবাহ হয় উত্তমভাবে টিকিয়ে রাখতে হবে, নয়তো উত্তমভাবে সমাপ্ত করতে হবে। মাঝামাঝি ঝুলিয়ে রাখার কোনো সুযোগ ইসলামে নেই।
আল্লাহ তাআলা আমাদের দাম্পত্য জীবনে সাকিনা, মাওয়াদ্দাহ ও রহমত দান করুন। আমিন।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
গ্রন্থনায়: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।
দাঈ, জুবাইল দাওয়াহ অ্যাসোসিয়েশন, সৌদি আরব।
Share: