ছুটে যাওয়া সালাত কাজা করার সঠিক নিয়ম

প্রশ্ন: আবু আলি নামের একজন প্রশ্নকারী জানতে চেয়েছেন: কারো যদি কাজা সালাত থাকে এবং তার সঠিক সংখ্যা জানা না থাকে, তবে সে যদি প্রতিটি ফরজের সাথে একটি করে কাজা সালাত আদায় করে তাহলে সে কি প্রথমে বর্তমান ওয়াক্তের ফরজটি পড়বে, নাকি কাজা সালাতটি আগে পড়বে?
উত্তর: আপনার ওপর আবশ্যক হলো, সালাত দ্রুত কাজা আদায় করে নেওয়া। বর্তমান ফরজের সাথে একটি করে কাজা মিলিয়ে পড়ার অপেক্ষায় থাকবেন না। বরং দিন-রাত যখনই সুযোগ পান—যেমন: চাশতের সময়, জোহরের সময় বা রাতে—ধারাবাহিকভাবে পড়তে থাকুন, যতক্ষণ না আপনার মন সায় দেয় যে কাজা শেষ হয়েছে। এভাবে দীর্ঘায়িত করা আপনার জন্য জায়েজ নয়।
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
«مَنْ نَسِيَ صَلَاةً أَوْ نَامَ عَنْهَا فَكَفَّارَتُهَا أَنْ يُصَلِّيَهَا إِذَا ذَكَرَهَا»
“যে ব্যক্তি কোনো সালাত ভুলে যায় অথবা ঘুমিয়ে পড়ার কারণে তা ছুটে যায়, সে যেন তা স্মরণ হওয়া মাত্রই আদায় করে নেয়; এটিই তার একমাত্র কাফফারা।” [সহিহ মুসলিম, হাদিস: ১৫৭০]
অতএব, প্রবল ধারণার ভিত্তিতে আপনার যত ওয়াক্ত সালাত বাকি আছে মনে হয়—হোক তা পাঁচ ওয়াক্ত, দশ ওয়াক্ত কিংবা বিশ ওয়াক্ত—তা দ্রুত কাজা আদায় করে ফেলুন। বর্তমান সালাতের জন্য অপেক্ষা না করে চাশত, জোহর বা রাতের বেলা ধারাবাহিকভাবে পড়ে যত তাড়াতাড়ি সম্ভব দায়মুক্ত হোন।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
ফতোয়া প্রদানে: আল্লামা আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বায (রাহ.) (সৌদি আরবের প্রাক্তন প্রধান মুফতি)।
অনুবাদে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।
দাঈ, জুবাইল দাওয়াহ অ্যাসোসিয়েশন, সৌদি আরব।
Share: