আমাদের সমাজে খুব পরিচিত একটি দৃশ্য হলো, কোনো গরিব বা অসহায় মানুষকে দান-সদকা দেওয়ার সময় আমরা প্রায়ই বলে থাকি, “আমার জন্য একটু দোয়া করবেন।” সাধারণত ভালো নিয়তে কল্যাণের আশাতেই মানুষ এমনটি বলে থাকে। কিন্তু ইসলামের দৃষ্টিতে জাকাত বা নফল সদকা দিয়ে এভাবে দোয়া চাওয়া কতটুকু সমীচীন? এতে কি দানের একনিষ্ঠতায় কোনো প্রভাব পড়ে?
এ বিষয়ে আরবের দুজন প্রথিতযশা আলেমের মূল্যবান ফতোয়া নিচে তুলে ধরা হলো:
❑ ১. শাইখ সালিহ আল-ফাওযান (হাফিযাহুল্লাহ)-এর ফতোয়া:
প্রশ্ন: কোনো দরিদ্র ব্যক্তিকে সদকা দিয়ে যদি তাকে বলা হয়, “আমার জন্য দোয়া করো”, তাহলে এর বিধান কী?
উত্তর:
لَا بَأْسَ، وَلَكِنَّ الْأَحْسَنَ أَلَّا يَطْلُبَ مِنْهُ شَيْئًا؛ لِأَنَّ هَذَا فِيهِ تَمَنُّنٌ وَفِيهِ بَيْعٌ وَشِرَاءٌ. فَإِذَا كَانَ فَقِيرًا تُعْطِيهِ، وَهُوَ إِذَا أَحْسَنْتَ إِلَيْهِ سَيَدْعُو لَكَ، وَلَكَ أَجْرٌ فِي هَذَا وَلَوْ لَمْ يَدْعُ لَكَ، فَلَا حَاجَةَ إِلَى مِثْلِ هَذَا.
“এতে কোনো অসুবিধা নেই। তবে তার কাছে কিছু না চাওয়াই উত্তম। কারণ এতে অনুগ্রহ জাহির করার ভাব থাকে এবং এটি অনেকটা বেচাকেনার মতো দেখায়, যেন দানের বিনিময়ে কিছু নেওয়া হচ্ছে। সে যেহেতু দরিদ্র, আপনি তাকে দান করবেন। আপনি তার প্রতি অনুগ্রহ করলে সে এমনিতেই আপনার জন্য দোয়া করবে। আর সে দোয়া না করলেও আপনি এই দানের সওয়াব পাবেনই। তাই এভাবে দোয়া চাওয়ার কোনো প্রয়োজন নেই।” [সূত্র: ইউটিউব]
❑ ২. শাইখ আজিজ ফারহান আল-আনাযী (হাফিযাহুল্লাহ)-এর ফতোয়া:
প্রশ্ন: কোনো ব্যক্তি যখন কোনো দরিদ্র ব্যক্তিকে সদকা দিতে চায় তখন তার জন্য কি “আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো” বলা বৈধ?
উত্তর:
أَبُو بَدْرٍ، بَارَكَ اللَّهُ فِيكَ، إِذَا قَصَدْتَ الزَّكَاةَ فَلَا؛ لِأَنَّ الزَّكَاةَ هَذَا حَقٌّ لِلْفَقِيرِ، كَيْفَ الْإِنْسَانُ يَطْلُبُ مِنْ شَخْصٍ أَنْ يَدْعُوَ لَهُ وَقَدْ أَعْطَاهُ حَقَّهُ؟! أَمَّا الصَّدَقَةُ الْعَامَّةُ فَمَا فِي حَاجَةٍ يَا أَخِي الْفَاضِلُ أَنْ يَطْلُبَ مِنَ الْمُتَصَدَّقِ عَلَيْهِ أَنْ يَدْعُوَ لِلْمُتَصَدِّقِ؛ لِأَنَّهُ جَرَتِ الْعَادَةُ بِأَنَّ الْمُتَصَدَّقَ عَلَيْهِ إِذَا كَانَ فَقِيرًا أَوْ مِسْكِينًا أَوْ إِذَا كَانَ إِنْسَانًا غَيْرَ ذَلِكَ، يَدْعُو لِهَذَا الْإِنْسَانِ. وَلِذَلِكَ الْإِنْسَانُ يَجْعَلُ صَدَقَتَهُ لِلَّهِ، لَا يَحْرِصُ عَلَى أَنْ يُخَالِطَهَا شَيْءٌ. فَلِذَلِكَ يَتْرُكُهُ؛ إِنْ دَعَا لَهُ فَالْحَمْدُ لِلَّهِ، وَإِنْ مَا دَعَا كَتَبَ اللَّهُ أَجْرَهُ. هَذِهِ الصَّدَقَةُ بِذَاتِهَا يَا أَخِي الْفَاضِلُ تَمْنَعُ الْبَلَاءَ بِذَاتِهَا؛ فَالنَّبِيُّ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ قَالَ: «دَاوُوا مَرْضَاكُمْ بِالصَّدَقَةِ». وَالْإِنْسَانُ يَسْتَظِلُّ يَوْمَ الْقِيَامَةِ فِي ظِلِّ صَدَقَتِهِ. فَمَا فِي حَاجَةٍ أَنْ يَقُولَ: ادْعُ لِي أَوْ كَذَا، أَجْرُكَ مَكْتُوبٌ، وَلِلَّهِ الْحَمْدُ وَالْمِنَّةُ.
“আবু বদর, আল্লাহ আপনার জীবনে বরকত দিন। আপনি যদি এখানে জাকাতের কথা বলে থাকেন তবে জাকাত দিয়ে দোয়া চাওয়া যাবে না। কারণ জাকাত তো গরিবের নিজেরই হক। কাউকে তার নিজের প্রাপ্য বুঝিয়ে দিয়ে আবার তার কাছে দোয়া চাওয়াটা কেমন দেখায়!
আর সাধারণ নফল সদকার ক্ষেত্রেও, প্রিয় ভাই, যাকে দান করছেন তার কাছে দোয়া চাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ স্বাভাবিক নিয়মেই দেখা যায় গরিব, মিসকিন বা যে-ই হোক, দান পেলে সে নিজে থেকেই দাতার জন্য দোয়া করে। তাই মানুষের উচিত নিজের সদকাকে একান্তই আল্লাহর জন্য রাখা এবং এর সঙ্গে অন্য কোনো চাওয়া-পাওয়ার মিশ্রণ না ঘটানো। তাকে তার মতো ছেড়ে দিন। সে নিজে থেকে দোয়া করলে আলহামদুলিল্লাহ, আর না করলেও আল্লাহ আপনার সওয়াব লিখে রাখবেন।
প্রিয় ভাই, এই সদকা নিজেই বিপদ-আপদ দূর করে। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
دَاوُوا مَرْضَاكُمْ بِالصَّدَقَةِ
“তোমরা সদকার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা করো।”
তা ছাড়া কিয়ামতের দিন মানুষ তার সদকার ছায়ার নিচে আশ্রয় পাবে। তাই ‘আমার জন্য দোয়া করো’ বা এমন কিছু বলার কোনো প্রয়োজন নেই। আপনার সওয়াব লেখা হয়ে গেছে। সমস্ত প্রশংসা ও অনুগ্রহ আল্লাহরই জন্য।”
➧ [টীকা: শাইখ বক্তব্যে হাদিসটি সুনানে আবু দাউদের বলে উল্লেখ করেছেন। তবে হাদিসটি সুনানে আবু দাউদে নেই; বরং ইমাম আবু দাউদ (রহ.)-এর আল-মারাসিল গ্রন্থে রয়েছে। এ ছাড়া ইমাম বাইহাকি (রহ.) শুআবুল ঈমান ও সুনানুল কুবরায় এবং ইমাম তাবারানি (রহ.) তাঁর মুজাম গ্রন্থে এটি বর্ণনা করেছেন। এর সনদে দুর্বলতা থাকলেও একাধিক সূত্রের কারণে শাইখ আলবানি (রহ.) একে হাসান লিগাইরিহি বলেছেন [সহিহুত তারগিব ওয়াত তারহিব: ৭৪৪]।-অনুবাদ]
✪ সারাংশ: গরিবকে দান করার পর দোয়া চাওয়াটা আমাদের সমাজে খুব স্বাভাবিক মনে হলেও আলেমদের মতে এটি এড়িয়ে চলাই উত্তম। বিশেষ করে জাকাত যেহেতু গরিবের নিজেরই হক, তাই তা আদায় করে দোয়া চাওয়া ঠিক নয়। আর নফল সদকার ক্ষেত্রে দোয়া চাওয়া নাজায়েজ না হলেও এতে অনুগ্রহ জাহির করার একটা ভাব চলে আসে এবং দানটি অনেকটা বেচাকেনার মতো বা দানের বিনিময় গ্রহণের মত দেখায়।
তাই দানকে একান্তই আল্লাহর জন্য নিখাদ রাখা উচিত; গ্রহীতা খুশি হয়ে নিজে থেকে দোয়া করলে ভালো আর না করলেও দানের পূর্ণ সওয়াব আল্লাহর কাছে লেখা থাকবেই।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
গ্রন্থনায়:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।
দাঈ, জুবাইল দাওয়াহ অ্যাসোসিয়েশন, সৌদি আরব।