অনুমতি ছাড়া ফোনের লাউড স্পিকার অন করা ও কল রেকর্ড ফাঁসের বিধান

প্রশ্ন: অনেকে মোবাইলে কথা বলার সময় ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির অনুমতি ছাড়াই অন্যান্যদের উপস্থিতিতে ফোনের লাউড স্পিকার অন করে দেন। আবার দেখা গেছে অনেকে কথাবার্তাও রেকর্ড করেন। শুধু তাই না, বিনা অনুমতিতে সেই কল রেকর্ড অন্যের কাছে ফাঁস করে দেন। ইসলামের দৃষ্টিতে এই আমানতের খেয়ানত এর শাস্তি সম্পর্কে জানতে চাচ্ছি। দয়া করে জানাবেন ইনশাআল্লাহ।
উত্তর: ইসলামের দৃষ্টিতে একজনের সাথে অন্যজনের কথাবার্তা একটি আমানত। অনুমতি ছাড়া কারও কথা অন্যকে শোনানো বা রেকর্ড করা আমানতের খেয়ানতের অন্তর্ভুক্ত এবং এটি একটি সামাজিক ও নৈতিক অপরাধ। এ বিষয়ে ইসলামের নির্দেশনা ও শাস্তির দিকগুলো নিচে তুলে ধরা হলো:
✪ ১. গোপনীয়তা রক্ষা করা আমানত:
রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, যখন কোনো ব্যক্তি কথা বলে অন্য দিকে তাকায় (অর্থাৎ কথাটি গোপন রাখতে চায়), তখন সেই কথাটি আমানত হয়ে যায়। হাদিসে এসেছে-
مَن حدَّث بحديثٍ ثمَّ التفت فهي أمانةٌ
“যদি কোনো ব্যক্তি কোনো কথা বলে এবং (গোপনীয়তা রক্ষার জন্য) এদিক-ওদিক তাকায় তবে সেই কথাটি আমানত।” [সুনান আবু দাউদ: ৪৮৬৮, আলবানি রাহ. হাদিসটিকে হাসান বলেছেন]
✪ ২. অনুমতি ছাড়া কথা শোনানো ও রেকর্ডিংয়ের হুকুম:
ফোনের লাউড স্পিকার অন করে অন্যকে শোনানো বা রেকর্ড করা এক ধরণের প্রতারণা। কারণ কথা বলার সময় অপর প্রান্তের ব্যক্তি মনে করছেন তিনি কেবল আপনার সাথেই কথা বলছেন। অনুমতি ছাড়া তার কথা অন্যকে শোনানো বা রেকর্ড করা তাকে ধোঁকা দেওয়ার শামিল। আর ইসলামে ধোঁকাবাজি কঠোরভাবে নিষিদ্ধ।
✪ ৩. আমানতের খেয়ানত ও মুনাফিকের আলামত:
ইসলামে আমানতের খেয়ানত করাকে মুনাফিকের অন্যতম লক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কোনো ব্যক্তির কথা বা গোপনীয়তা রক্ষা না করে তা ফাঁস করে দেওয়া সরাসরি খেয়ানত।
রসুলুল্লাহু (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম_ বলেন,
آيَةُ المُنَافِقِ ثَلاثٌ: إذا حَدَّثَ كَذَبَ، وإذَا وعَدَ أخْلَفَ، وإذَا اؤْتُمِنَ خَانَ
“মুনাফিকের চিহ্ন তিনটি: যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে এবং যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, সে তার খেয়ানত করে।” [সহিহ বুখারি: ৩৩, সহিহ মুসলিম: ৫৯]
✪ ৪. কল রেকর্ড ফাঁস করার ভয়াবহতা:
অনুমতি ছাড়া কল রেকর্ড করে তা অন্যকে শোনানো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া ‘গিবত’ (পরনিন্দা), ‘চোগলখোরি’ (নামিমা) এবং কারও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের নামান্তর। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন:
وَلَا تَجَسَّسُوا
“আর তোমরা একে অপরের গোপনীয়তা অনুসন্ধান করো না।” [সূরা হুজুরাত: ১২]
✪ ৫. আখেরাতে এর শাস্তি:
আমানতের খেয়ানতকারীর জন্য আখেরাতে কঠিন লাঞ্ছনা ও শাস্তি রয়েছে। রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ يُرْفَعُ لَهُ بِقَدْرِ غَدْرِهِ، أَلَا وَلَا غَادِرَ أَعْظَمُ غَدْرًا مِنْ أَمِيرِ عَامَّةٍ
“কিয়ামতের দিন প্রত্যেক বিশ্বাসভঙ্গকারীর (খেয়ানতকারী) জন্য একটি করে পতাকা থাকবে, যা তার বিশ্বাসঘাতকতার পরিমাণ অনুযায়ী উঁচু করা হবে।” [সহিহ মুসলিম: ১৭৩৮]
মোটকথা, অনুমতি ছাড়া লাউড স্পিকার অন করা, কল রেকর্ড করা বা তা ফাঁস করা একটি কবিরা গুনাহ। যদি কোনো বিশেষ আইনি প্রয়োজন বা জান-মালের নিরাপত্তার প্রশ্ন না থাকে তবে এভাবে গোপন তথ্য প্রকাশ করা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। এটি মানুষের সামাজিক মর্যাদা নষ্ট করে এবং পারস্পরিক আস্থা ও ভালোবাসা কমিয়ে দেয়। তাই মুমিন হিসেবে আমাদের উচিত অপরের গোপনীয়তা রক্ষা করা এবং আমানতের মর্যাদা দেওয়া।
❑ কখন অনুমতি ছাড়া রেকর্ড করা বা শোনানো জায়েজ?
সাধারণভাবে অনুমতি ছাড়া কল রেকর্ড করা বা লাউড স্পিকার অন করা নাজায়েজ হলেও কিছু বিশেষ ও জরুরি অবস্থায় এটি জায়েজ হতে পারে। যেমন:
◈ ১. বিপদ বা অপরাধ দমনে: যদি কেউ ফোনে হুমকি দেয়, মুক্তিপণ দাবি করে বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করে তবে সেই অপরাধের প্রমাণ রাখার জন্য কল রেকর্ড করা জায়েজ। এটি তখন অপরাধীকে শনাক্ত করতে আইনি সহায়তা হিসেবে কাজ করবে।
◈ ২. অধিকার রক্ষা ও ইনসাফ কায়েমে: যদি এমন হয় যে, কোনো ব্যক্তি তার পাওনা বা হকের কথা স্বীকার করছে যা পরবর্তীতে সে অস্বীকার করতে পারে তবে নিজের অধিকার রক্ষার স্বার্থে সেই কথাটি প্রমাণ হিসেবে রেকর্ড করা যেতে পারে।
◈ ৩. পরামর্শ বা সাক্ষ্য প্রদান: যদি কেউ এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা পরামর্শ দেয় যা ভুলে গেলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে তবে ব্যক্তিগতভাবে মনে রাখার জন্য তা রেকর্ড করা যেতে পারে (তবে তা অন্যকে শোনানো বা নেতিবাচক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না)।
◈ ৪. মজলুমের সুরক্ষা: যদি কোনো ব্যক্তি কারো ওপর জুলুম করার পরিকল্পনা করে এবং সেটি ফোনে ফাঁস হয়ে যায়, তবে মজলুমকে সতর্ক করার জন্য বা তাকে রক্ষা করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তথ্য সংশ্লিষ্ট ব্যক্তিকে জানানো বা রেকর্ড করা জায়েজ।
♽ সতর্কতা: এই ব্যতিক্রমী ক্ষেত্রগুলো কেবল তখনই প্রযোজ্য যখন এর পেছনে কোনো মহৎ উদ্দেশ্য থাকে এবং অন্য কোনো বৈধ উপায়ে সেই সমস্যার সমাধান সম্ভব হয় না। ব্যক্তিগত শত্রুতা বা কাউকে অপমান করার উদ্দেশ্যে এর ব্যবহার কোনোভাবেই কাম্য নয়। আল্লাহু আলাম।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।
দাঈ, জুবাইল দাওয়াহ অ্যাসোসিয়েশন, সৌদি আরব।
Share: